কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ভারত গোলাবর্ষণ করছে: পাকিস্তান
কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী গোলাবর্ষণ করছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। গত সপ্তাহে ওই সীমান্তে গুপ্ত হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হওয়ার পর গতকাল সোমবার পাকিস্তান এই অভিযোগ করল।
৬ আগস্ট কাশ্মীরের পোঞ্চ এলাকায় ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখার কাছে অতর্কিত হামলায় নিহত হন পাঁচ ভারতীয় সেনা। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে পাকিস্তান ওই অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তানের এক সেনা কর্মকর্তা গতকাল জানান, সীমান্তের চিরিকোত ও সাতওয়াল সেক্টরের বাত্তাল এলাকায় গোলাবর্ষণ করেছে ভারতীয় বাহিনী। কোনো উসকানি ছাড়াই ওই গোলাবর্ষণে এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
ভারতীয় বাহিনীর ওই গোলাবর্ষণের জবাব পাকিস্তানের সেনারা দিয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।
তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, একই এলাকায় গত রোববার রাতে ভারতীয় বাহিনীর চৌকি লক্ষ্য করে মর্টার ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করা হয়। এর যথাযাথ জবাব দেন ভারতীয় সেনারা। তবে ওই ঘটনায় ভারতীয় সীমান্তের মধ্যে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কাশ্মীর অঞ্চল ১৯৪৮ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। তবে উভয় দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে। কাশ্মীর নিয়ে দেশ দুটির মধ্যে দুবার যুদ্ধও হয়েছে।
গত সপ্তাহে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলির পর পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিক্ষোভ করে শত শত মানুষ। তারা অভিযোগ করে, ভারত সীমান্তে আক্রমণ বাড়িয়ে দিয়েছে। রয়টার্স।