কাশ্মীরে নিরাপত্তা ছাউনিতে জঙ্গি হামলা, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে গতকাল বুধবার নিরাপত্তা বাহিনীর (সিআরপিএফ) ছাউনিতে আত্মঘাতী গ্রেনেড হামলা ও গুলিতে আধা সামরিক বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় দুই জঙ্গিও নিহত হন। হিজবুল মুজাহিদিন এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেছেন।ভারত সরকার অভিযোগ করেছে, পাকিস্তানি জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে মনে হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং বলেন, প্রাথমিক তথ্য-প্রমাণে মনে হচ্ছে, এই জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে। তারা চারজন সিআরপিএফ জওয়ানকে হত্যা করেছে। ওই হামলায় আরও পাঁচজন আহত হয়।শ্রীনগরের বেমিনা নামক জায়গায় গতকাল শিশুরা ক্রিকেট খেলছিল। এ সময় দুই আত্মঘাতী হামলাকারী তাদের সঙ্গে মিশে যায়। পরে তারা ওই সিআরপিএফ ছাউনিতে হামলা চালায়।নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জঙ্গিরা ক্রিকেট ম্যাচ খেলার ভান করে সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে ব্যাগ থেকে অস্ত্র বের করে তারা নিরস্ত্র নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং গ্রেনেড ছোড়ে। পরে দুই হামলাকারীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হত্যা করেন।কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিধানসভায় বলেছেন, হামলার ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং বলেন, পুরো রাজ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।শ্রীনগরের বেমিনার সিআরপিএফ ছাউনির চারপাশে পুলিশ পাবলিক স্কুল ছাড়াও বিভিন্ন সরকারি ভবন রয়েছে। তবে কাশ্মীরের বিছিন্নতাবাদীদের ডাকা বনেধর কারণে বিদ্যালয় বন্ধ রয়েছে। স্থানীয় বিচ্ছিন্নতাবাদী নেতা আফজল গুরুর মরদেহ সেখানে ফিরিয়ে আনার দাবিতে এই বন্ধ্ ডাকা হয়।২০০১ সালে ভারতের পার্লামেন্টে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অপরাধে গত ফেব্রুয়ারিতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা আফজল গুরুর মৃতুদণ্ড কার্যকর করে ভারত। এ ঘটনার পর থেকে কাশ্মীরে উত্তেজনা দেখা দিয়েছে। ১৯৮৯ সাল থেকে কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই চলছে।গত অক্টোবরে শ্রীনগরের উপকণ্ঠে একজন বন্দুকধারী হোটেলে গুলি ছুড়ে এক ব্যক্তিকে হত্যা করে। একই বছরের মে মাসে শ্রীনগরে দুই মোটরসাইকেল আরোহী গুলি ছুড়ে আধা সামরিক বাহিনীর সাত সদস্যকে আহত করে। সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে শ্রীনগরে বড় ধরনের আত্মঘাতী হামলা চালানো হয়। পাকিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠী জমিয়ত-উল-মুজাহেদিনের সদস্যরা শহরের কেন্দ্রস্থলে নির্বিচারে গুলি ছোড়ার পর একটি হোটেলে আশ্রয় নেয়। ওই ঘটনায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর সদস্য ছাড়াও বেশ কয়েকজন পথচারী নিহত হয়।কাশ্মীরের একাংশ ভারত ও অন্য অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে দুটি দেশই গোটা কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।সম্প্রতি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ভারত সরকারের উচিত কাশ্মীর থেকে ‘কালা আইনকানুন’ এবং নিরাপত্তা বাহিনীকে আইনিভাবে দেওয়া প্রায় সম্পূর্ণ দায়মুক্তি প্রত্যাহার করে নেওয়া। এএফপি, পিটিআই ও বিবিসি।