কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে ৪ জঙ্গি হত্যার দাবি ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে কেরান সেক্টরে গতকাল শনিবার চারজন জঙ্গিকে হত্যার দাবি করেছে ভারতীয় বাহিনী। কিছুদিন ধরে সীমান্তের ওপার থেকে নতুন করে জঙ্গি অনুপ্রবেশের ভারতীয় অভিযোগের প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।
ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বাহিনী গতকাল কেরান সেক্টরে পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ ঠেকিয়ে দিয়েছে। এ সময় গোলাগুলিতে চার জঙ্গি নিহত হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর হাতে সাতজন ‘অনুপ্রবেশকারী’ নিহত হলো।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, কেরান সেক্টরের ফাতেহ গালি এলাকার সালভাটি গ্রামে জঙ্গি অনুপ্রবেশ ঠেকিয়ে দেওয়া হয়েছে। এ অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় বাহিনী ওই এলাকায় ১০ দিনেরও বেশি সময় ধরে ‘অপারেশন সালা ভাটা’ নামে অভিযান পরিচালনা করছে।
পাকিস্তানের অভিযোগ: এদিকে পাকিস্তানের ডন পত্রিকার এক প্রতিবেদনে স্থানীয় সরকারি কর্মকর্তা মাসুদ-উর-রেহমানের বরাত দিয়ে বলা হয়, কাশ্মীর সীমান্তের কোটলি এলাকায় গোলাবর্ষণে দুই বছরের একটি শিশু নিহত ও পাঁচজন আহত হয়। পাকিস্তানের সেনা সদর দপ্তরের জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তা বলেন, ভারতীয় বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে।
‘কেরানে কারগিলের মতো কিছু ঘটবে না’: ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং বলেছেন, জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে কারগিলের মতো কিছু ঘটার আশঙ্কা নেই। কেরানে প্রায় ৪০ জন সন্ত্রাসবাদী সক্রিয় রয়েছে এবং শিগগির তারা বড় ধরনের কিছু ঘটিয়ে ফেলতে পারে—এমন উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাপ্রধান সম্প্রতি এ কথা বলেছেন।
কেরান সেক্টরে কারগিলের মতো পরিস্থিতির সৃষ্টি হলো কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ঠিক সে রকম নয়। ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসবাদী অনুপ্রবেশের চেষ্টা করেছিল। ডন, এনডিটিভি ও পিটিআই।