কাশ্মীরে বন্যায় আটকে পড়াদের উদ্ধারকাজ চলছে
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে আকস্মিক বন্যায় গতকাল রোববার পর্যন্ত মৃতের সংখ্যা ১৩৭ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার শুরু হওয়া ওই বন্যায় ২৫ সেনাসহ ৫০০ জন নিখোঁজ হয়েছেন। বন্যাজনিত বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছে ৪০০ জনের বেশি। হাজার হাজার লোক গৃহহারা হয়েছে। উদ্ধারকারীরা প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়াদের উদ্ধারে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছেন। দুর্গতদের কাছে খাদ্য, পানি ও ওষুধ পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তাঁরা।আকস্মিক এ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাশ্মীরের লাদাখ অঞ্চল। এখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় গতকাল সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে। তাঁরা বন্যায় আহতদের চিকিৎসাও করছেন। এ অঞ্চল ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বন্যায় এ পর্যন্ত ১৩৭ জনের প্রাণহানির কথা স্বীকার করেছেন। বন্যায় লাদাখের প্রধান হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এএফপি।