কাশ্মীরে বিএসএফের গুলিতে ছয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতশাসিত কাশ্মীরে গতকাল বৃহস্পতিবার আধা সামরিক বাহিনী বিএসএফের গুলিতে ছয়জন বিক্ষোভকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ খবর নিশ্চিত করেছে।
রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ২৩০ কিলোমিটার দক্ষিণে রামবান জেলার গুল এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে বিক্ষুব্ধ স্থানীয় মানুষ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের স্থানীয় একটি ঘাঁটির সামনে বিক্ষোভ করছিল।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাতে স্থানীয় একটি মসজিদে বিএসএফের সদস্যদের প্রবেশের প্রতিবাদে ওই বিক্ষোভ হয়। বিএসএফের সদস্যরা উচ্চগ্রামের আওয়াজে প্রার্থনা হচ্ছিল মর্মে অভিযোগ করতে ওই মসজিদে গিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, বিএসএফের সদস্যরা নির্বিচারে গুলি চালান এবং গুলিবিদ্ধ কয়েকজন বিক্ষোভকারী লুটিয়ে পড়েন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অবিলম্বে বিষয়টি তদন্ত করতে বিএসএফকে নির্দেশ দিয়েছেন। নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, তদন্তে অতিরিক্ত শক্তি প্রয়োগ বা দায়িত্বহীনতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এএফপি।