কাশ্মীরে মার্কিন হস্তক্ষেপের আহ্বান নাকচ ভারতের

কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের করা মন্তব্য নাকচ করেছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ গতকাল রোববার এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে এ মতামত জানান।
এর আগে কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে মত দেন নওয়াজ শরিফ। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাত্রাবিরতিকালে তিনি এ কথা বলেন।
নওয়াজ শরিফ বলেন, ভারত কাশ্মীরের ব্যাপারে এ ধরনের হস্তক্ষেপ না চাইলেও বিশ্বের পরাশক্তিগুলোর এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত।
নওয়াজের এই অবস্থানের প্রতিক্রিয়ায় সালমান খুরশিদ বলেছেন, কাশ্মীর বিষয়ে কারও হস্তক্ষেপ ভারতের কাছে গ্রহণযোগ্য হবে না।
এদিকে ভারতের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।
নওয়াজ শরিফ বর্তমানে তিন দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন।
১৯৯৯ সালের জুলাইয়ে কাশ্মীরের কারগিলে ভারত-পাকিস্তান সংঘাত চলার সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তখন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে কাশ্মীর সমস্যার সমাধান হতে পারত বলে তিনি স্পষ্ট করেই বলেছিলেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে।