কাশ্মীরে যোদ্ধা পাঠাচ্ছে পাকিস্তান: ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সেনাপ্রধান বিক্রম সিং গত ১৪ জানুয়ারি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি: রয়টার্স
ভারতের সেনাপ্রধান বিক্রম সিং গত ১৪ জানুয়ারি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি: রয়টার্স

ভারতের সেনাবাহিনী আজ মঙ্গলবার দাবি করেছে, পাকিস্তানি সেনারা ৩০ থেকে ৪০ জন আধা-প্রশিক্ষিত যোদ্ধার একটি দলকে আকস্মিক হামলা চলানোর জন্য ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাঠিয়েছে। সেনাবাহিনী আরও দাবি করছে, এ ঘটনার সঙ্গে আসছে বছরে প্রতিবেশী আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের সম্পর্ক আছে।

গত মাসে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দুদেশের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং তাতে  উভয় দেশের কয়েকজন করে সেনাও প্রাণ হারান। রয়টার্স বলছে, ওই ঘটনার পর ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং আজই প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন।

এর আগে ভারতের সেনাবাহিনীর এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, পাকিস্তানের পাঠানো যোদ্ধাদের কেরান গ্রাম থেকে সপ্তাহ দুয়েক আগে আটক করা হয়েছিল। গ্রামটি এখন প্রায় পরিত্যক্ত ও নির্জন।

ভারতের পক্ষ থেকে ঘটনাটিকে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই সময় পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় কাশ্মীরের স্বাধীনতাকামীরা নিয়ন্ত্রণরেখা বরাবর অনেকগুলো বাংকার দখল করে নিয়ে ভারতীয় সেনাদের ওপরে হামলা চালিয়েছিল।

সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং টাইমস নাউ টেলিভিশনকে বলেন, ‘নিয়ন্ত্রণরেখার দিকে তাকালে এটা পরিষ্কার বোঝা সম্ভব যে, পাকিস্তানি সেনাবাহিনীকে না জানিয়ে সন্ত্রাসীদের পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়।’

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকে কাশ্মীর নিয়ে দেশ দুটির বিরোধ চলছে। কাশ্মীরের জনগণের একটি বড় অংশ স্বাধীনতা চায়। অথচ ভারত ও পাকিস্তান কাশ্মীর দখল করে রেখেছে। জাতিসংঘের তত্ত্বাবধানে ওই এলাকায় স্বাধীনতার পক্ষে ভোটাভুটি করার প্রস্তাব দিলেও তাতে ভারত সায় দেয়নি। এ নিয়ে দেশ দুটির মধ্যে মাঝেমধ্যেই সংঘাত হয়েছে। ২০০৩ সালে দেশ দুটির মধ্যে অস্ত্রবিরতি স্বাক্ষরিত হওয়ার পর থেকে বড় ধরনের সংঘাত বন্ধ হয়েছে। তবে ছোটখাটো গোলাগুলি ও স্বল্পমাত্রার প্রাণহানির ঘটনা ঘটছে।

এনডিটিভিকে দেওয়া আরেক সাক্ষাত্কারে বিক্রম সিং বলেন, পাকিস্তান চাইছে শীতের মৌসুম শুরু হওয়ার আগেই বড় সংখ্যক যোদ্ধাকে ভারতের কাশ্মীরে ঢুকিয়ে দিতে। এর কারণ হলো, ওই সময় থেকেই আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে।

ভারতের গোয়েন্দা বাহিনীগুলোর ধারণা, আফগানিস্তান থেকে বিদেশি সেনারা সরে গেলে দেশটিতে যুদ্ধরত বিভিন্ন ছোট-বড় বাহিনী কাশ্মীরের দিকে মনোযোগ দেবে। ২৪ বছর ধরে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে যে যুদ্ধ চলছে, তাতে অংশ নেবে আফগানিস্তানের বাহিনীগুলো। আর যদি তা হয়, তবে তা ভারতের জন্য বিরাট সমস্যা হয়ে দেখা দেবে।

বিক্রম সিং এনডিটিভিকে বলেন, ‘২০১৪ সালে আফগানিস্তানে কী হয়, তা আমাদের দেখতে হবে। পাকিস্তান শীতের আগেই অনেক সন্ত্রাসীকে কাশ্মীরে পাঠাতে চায়।’

পাকিস্তান অবশ্য ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি জানিয়েছে, তারা কাশ্মীরের স্বাধীনতাকামীদের কোনো সহায়তা করছে না। তবে কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যার সমাধানে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।