কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠায় সুযোগ দিতে সোনিয়া গান্ধীর আহ্বান
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সময়ের সহিংস পরিস্থিতিকে ‘বেদনাদায়ক’ উল্লেখ করে ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সবার সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, ‘কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার সুযোগ দিন। আগামী প্রজন্মকে গড়ে তুলতে সহায়তা করুন।’ গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে সোনিয়াপুত্র কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বলেছেন, দেশের উন্নয়নে ধনী-গরিবের পার্থক্য দূর করতে হবে।উদ্বোধনী বক্তব্যে সোনিয়া গান্ধী বলেন, ‘জম্মু ও কাশ্মীরে আমরা নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। গত কয়েক মাসে সেখানকার সহিংস ঘটনাগুলো ছিল বেদনাদায়ক।’ কাশ্মীরে নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘তাঁদের মৃত্যুতে জাতির বিরাট ক্ষতি হয়েছে।’কংগ্রেস সভানেত্রী বলেন, ‘জম্মু ও কাশ্মীরে যাঁরা সরকারের প্রতি অসন্তুষ্ট, তাঁরা যেন সরকারের প্রতি আস্থা রাখেন। ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সুযোগ দিন।’ এ রাজ্যের উন্নয়নের ওপর সরকার বিশেষ জোর দেবে বলেও উল্লেখ করেন তিনি।সোনিয়া বলেন, কাশ্মীরের সব রাজনৈতিক দলের সঙ্গে ‘অর্থপূর্ণ রাজনৈতিক আলোচনা’ অব্যাহত রাখার জন্য সরকার আলোচক নিয়োগ দিয়েছে। এ ছাড়া নকশালবাদ, দ্রব্যমূল্য বৃদ্ধি, অযোধ্যা মামলার রায়, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার বিষয়েও কথা বলেন সোনিয়া।এ দিকে বক্তব্য দেওয়ার পরিকল্পনা না থাকলেও কংগ্রেস নেতাদের অব্যাহত অনুরোধের মুখে বৈঠকে বক্তব্য দেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘গত পাঁচ-ছয় বছরে আমি ভারতের সব শহর ও গ্রাম ঘুরে দেখেছি। এতে দুটো বিষয়ে আমার ধারণা স্বচ্ছ হয়েছে। আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এ দেশের হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে।’প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বের প্রশংসা করে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। দরিদ্রদের উন্নয়নে আমাদের এটাই করা দরকার।’ভারতের দুটি অংশকে এক করার লক্ষ্যে তাঁর দলের নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে রাহুল গান্ধী বলেন, ‘একটা অংশের দ্রুত উন্নতি হচ্ছে, অপর অংশ দরিদ্র; এর কোনো অগ্রগতি হচ্ছে না। আমাদের কর্তব্য হলো এ দুইকে এক করা।’ তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে, অগ্রসর ও অনগ্রসর অংশকে একীভূত করার এ কাজে কংগ্রেসের বিকল্প নেই।রাহুল গান্ধী বলেন, যাঁরা বলেছিলেন কংগ্রেস শেষ, তাঁদের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। প্রতিবছরই আরও শক্তিশালী হয়ে উঠছে কংগ্রেস। কোথাও ফুরিয়ে যায়নি, বরং দলের শক্তি উত্তরোত্তর বেড়েই চলেছে।কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচন ও মনোনয়নের উদ্দেশ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী মনমোহন সিং, অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বক্তব্য দেন। পিটিআই ও এনডিটিভি অনলাইন।