কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে মা ও মেয়েসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গত রোববার রাতে সন্দেহভাজন জঙ্গিদের পৃথক হামলায় মা ও তাঁর মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার পুলিশের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রোববার রাতে দক্ষিণাঞ্চলীয় কুলগাম জেলায় মুখোশ পরা চারজন সন্দেহভাজন জঙ্গি একটি বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের গুলিতে ৪০ বছর বয়সী এক মহিলা ও তাঁর ১৯ বছর বয়সী মেয়ে নিহত হন। এ ঘটনা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। পুলিশ জানায়, একই সময় পার্শ্ববর্তী পুলওয়ামা জেলায় সন্দেহভাজন জঙ্গিদের অপর এক হামলায় একজন সরকারি চাকরিজীবী নিহত হন। এসব হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রমজান মাসে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষোভ করে। এএফপি।