কাশ্মীরে সর্বাত্মক ধর্মঘট পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল শুক্রবার সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। এ সময় রাস্তাঘাটে যানবাহন চলাচল বন্ধ ছিল। সরকারি অফিস-আদালতে উপস্থিতি ছিল খুবই কম। রাস্তায় ছিল সেনাবাহিনীর সশস্ত্র টহল।কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রতিষ্ঠাতা মোহাম্মদ মকবুল বাটের মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। ১৯৮৪ সালের এই দিনে একজন ব্যাংক কর্মকর্তাকে হত্যার দায়ে তাঁকে ফাঁসি দেওয়া হয়। এ দিনটির স্মরণে জেকেএলএফ গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরসহ গোটা কাশ্মীরে ধর্মঘটের ডাক দেয়।ধর্মঘটের সময় অনেক বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে এবং স্বাধীনতার দাবিতে স্লোগান দেয়। এ সময় দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। শ্রীনগরে কোনো যানবাহন চলেনি। অন্যান্য শহরের রাস্তায় যানবাহন ছিল অনেক কম। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হলেও তাতে উপস্থিতির হার ছিল সামান্য।বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনা ও আধাসামরিক বাহিনী ছিল ব্যাপক তৎপর। তারা বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে টহল দেয়। এ কারণে বিক্ষোভকারীরা কোনো স্থানে জমায়েত হওয়ার সুযোগ পায়নি।ভারতের কাছ থেকে স্বাধীনতার দাবিতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা ১৯৮৯ সাল থেকে সশস্ত্র লড়াই করে আসছে। এ লড়াইয়ে এ পর্যন্ত ৬৮ হাজারের বেশি লোক নিহত হয়েছে, যাদের অধিকাংশ বেসামরিক লোক। ভারত এ লড়াইয়ে ইন্ধন দেওয়ার জন্য প্রতিবেশী দেশ পাকিস্তানকে দোষারোপ করছে। এপি।