কাশ্মীরে সহিংসতা অব্যাহত, পুলিশের গুলিতে নিহত ৩
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল শনিবার দুটি পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৬ জন। এ নিয়ে গত জুন মাসের পর সেখানে ১০২ জন নিহত হলো।প্রথম ঘটনাটি ঘটে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের উত্তরে পালহালান গ্রামে। পুলিশের একজন মুখপাত্র জানান, কয়েক শ বিক্ষোভকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে এবং নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছুড়ে মারলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভাকারীদের ওপর গুলি চালান। এতে দুজন নিহত হন। আহত হন চারজন।এই মুখপাত্র বলেন, ‘বিক্ষোভকারীদের হিংস্র আচরণের কারণে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।’ কিন্তু বিক্ষোভকারীদের দাবি, তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ।পালহালান গ্রাম থেকে গুলাম আহমেদ নামের এক ব্যক্তি টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, কাঁদানে গ্যাস নিক্ষেপ কিংবা লাঠিপেটা করে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেনি। কোনো ধরনের উসকানি ছাড়াই তারা সরাসরি গুলি চালিয়েছে।অন্যদিকে অনন্তনাগ শহরে গতকাল এক শোকযাত্রায় সরকারি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। পুলিশ ও স্থানীয় অধিবাসীরা এ কথা জানায়।ফায়াজ আহমেদ নামের ১৭ বছর বয়সী এক তরুণের জানাজায় যোগ দেওয়ার জন্য হাজার হাজার মানুষ কারফিউ উপেক্ষা করে অনন্তনাগের রাস্তায় নেমে আসে। এলাকাবাসীর অভিযোগ, গত সপ্তাহের শুরুর দিকে আধাসামরিক বাহিনীর সদস্যদের ধাওয়া খেয়ে নদীতে পড়ে ডুবে মারা যায় ফায়াজ। গতকাল সকালে নদী থেকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, শোকার্ত জনতা একজন ভারতপন্থী রাজনীতিকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালালে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা শোকযাত্রায় অংশ নেওয়া লোকজনকে লক্ষ্য করে গুলি চালান। ওই কর্মকর্তা বলেন, এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। আহত তিন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।অনন্তনাগ থেকে পুলিশের অন্য একজন কর্মকর্তা বলেন, সহিংস বিক্ষোভ দমন করার জন্য নিরাপত্তা বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছে।কিন্তু রাজনীতিকের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছে অনন্তনাগের অধিবাসীরা। অনন্তনাগের স্থানীয় অধিবাসী গোলান নবী নাথ বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিনা উসকানিতে গুলি চালিয়েছেন। এমনকি তারা শোকযাত্রারও অনুমতি দেয়নি।পুলিশ কর্মকর্তারা বলেন, শোকযাত্রা কারফিউ ভঙ্গ করেছে।গত জুন মাসের পর থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কাশ্মীর।এদিকে চলতি সপ্তাহের শুরুর দিকে পুলিশের গুলিতে আহত এক তরুণ গতকাল শ্রীনগরের একটি হাসপাতালে মারা গেছে। কয়েক হাজার মানুষ তার শোকযাত্রায় অংশ নেয়।পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় পিঞ্জেরা গ্রামের একজন পুলিশ কর্মকর্তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এএফপি।