কাশ্মীরে সেনা মৃত্যুর দাবি ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সেনাদের গুলিতে ভারতীয় সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ছবি: ফাইল
পাকিস্তানের সেনাদের গুলিতে ভারতীয় সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ছবি: ফাইল

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণে এক ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ভারত।
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর উরি সেক্টরে এ হত্যার ঘটনা ঘটে। পাকিস্তান ও ভারতের দখলে থাকা কাশ্মীরের বিভক্তি চিহ্নিত করা হয় নিয়ন্ত্রণ রেখার মাধ্যমে। ভারতের দাবির পরিপ্রেক্ষিত পাকিস্তান এখনো কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি পাকিস্তান ও ভারত বিরোধপূর্ণ কাশ্মীরে উসকানিমূলক গুলিবর্ষণের জন্য একে অপরকে অভিযুক্ত করে আসছে। উভয় দেশই দাবি করে থাকে যে কাশ্মীর তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ।
শ্রীনগর থেকে বিবিসির রিয়াজ মনসুর বলেন, নিয়ন্ত্রণরেখা অঞ্চলে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে দুই দেশের সেনা কর্তৃপক্ষেরা পূর্বনির্ধারিত আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে এ হত্যার ঘটনা ঘটল।
ভারতের দাবি এ বছরের শুরুতে যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পর থেকে অন্তত ২০০ বার তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
ভারতের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখা অঞ্চলে পাকিস্তানের লাগাতার গুলিবর্ষণে অতিষ্ঠ হয়ে শত শত গ্রামবাসী বাড়িঘর ছেড়ে গেছে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সভা উপলক্ষে নিউইয়র্কে গিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠক করেন এবং সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার অঙ্গীকার করেন। তবে এতে পরিস্থিতি খুব বেশি বদলায়নি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে ‘আরও বহুদূর’ যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আলোচনার মধ্য দিয়ে কাশ্মীরের মতো সব বিতর্কিত বিষয়ের সমাধান হতে পারে।