কাশ্মীরে সেনাদের সঙ্গে লড়াইয়ে তিন জঙ্গি নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত বৃহস্পতিবার সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় সেনাদের একটি ঘাঁটিতে আত্মঘাতী হামলার চেষ্টা চালানোর সময় এ সংঘর্ষ হয়। এ সময় সেনাদের নজর এড়িয়ে তিন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়। গতকাল শুক্রবার পুলিশ ও একটি জঙ্গি সংগঠন সূত্রে এ কথা জানা যায়।একজন পুলিশ কর্মকর্তা জানান, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে ওই সংঘর্ষ হয়। নিহত জঙ্গিদের মধ্যে দুজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সদস্য। সংঘর্ষের সময় দুটি ভবন বিধ্বস্ত হয়। ধ্বংসস্তূপ থেকে গতকাল তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।জয়েশ-ই-মোহাম্মদের অভিযান বিভাগের প্রধান সাজ্জাদ আফগানি জানান, বাদামিবাগ ও হাফট চিনার সেনানিবাসে হামলার জন্য তাঁরা দলের ছয়জন সদস্যকে পাঠান। পথে সেনারা তাঁদের বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে তাঁদের তিনজন যোদ্ধা নিহত হন। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।মুসলিম-অধ্যুষিত কাশ্মীরের বড় সেনানিবাসগুলোর একটি রয়েছে বাদামিবাগে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী নভেম্বরে ভারত সফর করবেন। তাঁর সফরের আগে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে দেখার ঘোষণা দিয়েছেন। ওই ঘোষণার পরপরই এ হামলা চালানো হলো।ওবামা কাশ্মীর সফর করবেন না। তবে নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, কাশ্মীরের বিষয়টি ওবামার নজরে আনার জন্য তাঁর ভারত সফরের আগে জঙ্গিরা হামলা বাড়িয়ে দেবে।ভারতের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য কাশ্মীরের বিভিন্ন জঙ্গি সংগঠন প্রায় দুই দশক ধরে লড়াই করে যাচ্ছে। এতে এ পর্যন্ত ৪৭ হাজার লোক নিহত হয়েছে। এএফপি।