কাশ্মীরের নারী ব্যান্ডের বিলুপ্তি
ভারতশাসিত কাশ্মীরের শুধু নারী সদস্যদের নিয়ে গঠিত একমাত্র রক-ব্যান্ড প্রগাশ বন্ধ হয়ে গেছে। ব্যান্ডটি থেকে তিনজন সদস্য সরে দাঁড়ানোর পর গতকাল সোমবার নিজ থেকেই এর বিলুপ্তি ঘটে। এর এক দিন আগে কাশ্মীরের প্রধান মুফতি গানবাজনাকে ইসলাম পরিপন্থী বলে ফতোয়া দিয়ে ওই সদস্যদের প্রতি গানবাজনা পরিত্যাগের আহ্বান জানান।বিষয়টি নিয়ে ব্যান্ডটির সদস্যরা নীরবতা বজায় রেখেছেন। কিন্তু তাঁদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে, তাঁরা গানবাজনা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের পুরুষশাসিত রক-ব্যান্ড সংগীতাঙ্গনে এই নারী ব্যান্ডটির প্রথম আবির্ভাব ঘটে। আর এর মধ্য দিয়ে এটির সদস্যরা প্রচলিত প্রথারও অবসান ঘটান। তবে তাঁরা অনলাইনে হুমকি ও সমাজের রক্ষণশীল অংশের নিগ্রহের সম্মুখীন হচ্ছিলেন।এদিকে কাশ্মীরের ন্যাশনাল কমিশন ফর উইমেন ও কয়েকজন পার্লামেন্ট সদস্য গতকাল ওই ব্যান্ডের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন। পিপলস ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র নাইম আখতার পুরো ঘটনাকে একটি ‘অপ্রয়োজনীয় বিতর্ক’ বলে আখ্যায়িত করেন। ব্যান্ডটিকে সমর্থনকারী অনেকের মধ্যে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ একজন। ওই ফতোয়াকে প্রত্যাখ্যান করে তিনি তাঁর টুইটার পেজে একটি চিঠিও ছাড়েন। তবে পরে তা আবার সরিয়ে নেন। টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু।