কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গুলিবিনিময়
ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণরেখায় গতকাল শনিবার সকালে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে ওই গুলিবিনিময় চলে। এতে পাকিস্তানের পক্ষ থেকে তাদের এক সেনা নিহত হওয়ার কথা বলা হয়েছে।
ভারতীয় পক্ষের অভিযোগ, পাকিস্তান আবারও যুদ্ধবিরতি ভঙ্গ করে গুলি চালালে গুলিবিনিময় শুরু হয়।
ভারতীয় সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেন, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে পুঞ্চের দোদা ব্যাটালিয়নের অবস্থান লক্ষ্য করে ভারী মেশিনগানের গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। তারা রকেটচালিত গ্রেনেডও ছোড়ে। কর্মকর্তাটি বলেন, ভারতীয় বাহিনীও ‘কার্যকরভাবে’ এর জবাব দেয়। ফলে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় শুরু হয়। ওই ভারতীয় সেনা কর্মকর্তা জানান, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ভারতীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দোদা ব্যাটালিয়নের মতো অন্য পয়েন্টগুলোতে আরও সেনা চেয়ে পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতিতে ওই অঞ্চল, বিশেষ করে শাহপুর কেরনি এলাকায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের অভিযোগ, গতকালের ঘটনাসহ চলতি মাসেই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান পাঁচবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল।
অন্যদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে অভিযোগ করা হয়েছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাওলাকোটের নেজাপির সেক্টরের কাছে ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের এক সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আহত হন।
আইএসপিআর জানায়, নিহত সেনার নাম অসিম ইকবাল। আহত হয়েছেন নায়েক মোহাম্মদ খান। ভারতীয় বাহিনী ‘বিনা উসকানিতে’ পাকিস্তানি অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়লে হতাহতের এ ঘটনা ঘটে।পিটিআই ও ডন।