কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক সর্বদলীয় প্রতিনিধিদলের
কাশ্মীর সফররত ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল গতকাল সোমবার স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। কাশ্মীরে তিন মাস ধরে চলা সংকট নিরসনের উপায় নিয়ে তারা আলোচনা করেন। তবে বিচ্ছিন্নতাবাদি সংগঠন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকএলএফ) ও হুররিয়াত কনফারেন্সের উভয় শাখা সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেনি। দল দুটির মতে, এই সমস্যার কোনো সমাধান কেন্দ্রের হাতে নেই। তারা একটি যৌথ স্মারকলিপিতে কাশ্মীর সংকট নিরসনে কমিটি গঠনের দাবি জানিয়েছে। তবে সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যরা গতকাল হুররিয়াত ও জেকেএলএফ নেতাদের সঙ্গে আলাদাভাবে দেখা করে কথা বলেছেন। গত জুনে বিক্ষোভ শুরুর পর মূল ধারার রাজনৈতিক দলের প্রতিনিধিদের এটাই প্রথম কাশ্মীর সফর। তাই পরিস্থিতির কিছুটা উন্নতির আশা করছিলেন বিশ্লেষকেরা। কিন্তু বিচ্ছিন্নতাবাদি নেতারা সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসতে রাজি না হওয়ায় পরিস্থিতির অবনতি হবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। কাশ্মীরের অন্যতম কট্টরপন্থী নেতা সাইদ আলী গিলানি সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন, ওই আলোচনা থেকে ইতিবাচক কোনো কিছুই পাওয়া যাবে না। কট্টরপন্থী এই নেতাই বিক্ষোভকারীদের সংগঠিত করেন। গত জুন থেকে তাঁর নেতৃত্বেই বিক্ষোভ চলছে বলে জানা গেছে। সাইদ আলীর চেয়ে কিছুটা উদারপন্থী বলে পরিচিত হুররিয়াত চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক ও জেকেএলএফ নেতা ইয়াসিন মালিক। গতকাল তাঁদের সমর্থকেরা জানান, এই দুই নেতাও সর্বদলীয় প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেননি। ওমর ফারুক বার্তা সংস্থা এএফপিকে বলেন, সর্বদলীয় প্রতিনিধিদলের কাশ্মীর সফরে আসা এক ধরনের প্রহসন। কারণ এখানে কী হচ্ছে, তা তাঁরা খুব ভালো করেই জানেন। এখানে নিরপরাধ সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। একের পর এক কারফিউ দিয়ে পুরো কাশ্মীরকে কারাগারে পরিণত করা হয়েছে।জম্মু ও কাশ্মীরের বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি)১৪ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করলেও দলটির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি তাতে যোগ দেননি। মেহবুবা বলেন, ‘তাঁরা আমার অবস্থান জানেন। আমরা আমাদের নীতির কোনো পরিবর্তন করব না।’ তিনি যত দ্রুত সম্ভব কাশ্মীর থেকে কারফিউ তুলে নেওয়ার আহ্বান জানান।গতকাল সর্বদলীয় প্রতিনিধিদলের পক্ষ থেকে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। তবে আগের দিন ভারতের ক্ষমতাসীন দলের নেতা পবন কুমার বানসাল বলেন, ‘কাশ্মীরে আমরা সরাসরি প্রতিক্রিয়া পাচ্ছি। এটি দীর্ঘ একটি প্রক্রিয়ার ফল।’ সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য ও প্রধান বিরোধী দল বিজেপির জ্যেষ্ঠ নেতা অরুণ জেটলি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা বা রাজনৈতিক যেকোনো ধরনের ছাড় দেওয়ার কঠোর বিরোধিতা করেন।কাশ্মীরে প্রায় তিন মাস ধরে চলা বিক্ষোভে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত জুনে ১৭ বছরের এক ছাত্র ভারতের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন সময় স্থানীয় লোকজন নিরাপত্তা বাহিনীর প্রতি পাথর ছুড়ে প্রতিবাদ করলে তাদের ওপর গুলি চালিয়ে তা দমনের চেষ্টা করা হয়। এর জের ধরেই এত মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত সপ্তাহে সর্বদলীয় জরুরি বৈঠক ডেকে ৪২ সদস্যের প্রতিনিধিদল গঠন করেন। এই দলকে কাশ্মীরে গিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয়েছে। এএফপি, এনডিটিভি।