কাশ্মীরের মতো অনেক সমস্যার জন্য যুক্তরাজ্য দায়ী: ক্যামেরন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, কাশ্মীর সমস্যার মতো বিশ্বের অনেক ঐতিহাসিক সমস্যার জন্য যুক্তরাজ্য দায়ী। গত মঙ্গলবার পাকিস্তান সফরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষাবিদদের সঙ্গে খোলাখুলি আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন।ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান কাশ্মীর সমস্যা সমাধানের ব্যাপারে যুক্তরাজ্য কীভাবে সাহায্য করতে পারে—এমন প্রশ্নের জবাবে ক্যামেরন ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি চাই না যুক্তরাজ্য এসব সমস্যায় জড়িত হোক। বিশ্বে অনেক সমস্যা রয়েছে, যেগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী।’ প্রধানমন্ত্রী ক্যামেরনের এই বক্তব্য পাকিস্তানের শিক্ষার্থী ও শিক্ষাবিদেরা সাদরে গ্রহণ করলেও ইতিহাসবিদেরা মনে করেন, ক্যামেরন যুক্তরাজ্যের অতীত ভুলভাবে উপলব্ধি করেছেন। যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির এমপি ও ইতিহাসবিদ ট্রিসট্রাম হান্ট প্রধানমন্ত্রী ক্যামেরনের এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, এমন মন্তব্য করা ক্যামেরনের বিশেষ ধরনের ঝোঁক বলা যায়। তিনি যে দেশ সফরে যান, সেই দেশের জনগণের ভাবাবেগের কথা বিবেচনা করে মন্তব্য করেন। তা ভারত, পাকিস্তান, তুরস্ক বা ইসরায়েলের মতো রাষ্ট্র হলেও।তবে ক্যামেরনের আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রীদের অনেকেই অতীতের ভুল উপলব্ধি করে দুঃখ প্রকাশ করেন। ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আইরিশ জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন। দেশটিতে উনিশ শতকের মধ্যভাগে দুর্ভিক্ষের জন্য যুক্তরাজ্যের দায় স্বীকার করেন তিনি। আফ্রিকায় দাস ব্যবসার জন্য যুক্তরাজ্যের দায় স্বীকার করে ২০০৬ সালে গভীর দুঃখ প্রকাশ করেন টনি ব্লেয়ার।১৯২০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত যুক্তরাজ্য থেকে হাজার হাজার শিশু অস্ট্রেলিয়াসহ বর্তমান কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে পাঠানো হয়। সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ২০০৯ সালে এ ব্যাপারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন।মোশাররফ প্রসঙ্গে ক্যামেরন: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, ‘ইসলামাবাদ যদি সত্যিই আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোশাররফের প্রত্যর্পণ চায়, তাহলে তাঁকে (মোশাররফ) পাকিস্তানে ফেরত পাঠানো হবে। পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যে আসামি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও ইসলামাবাদ চাইলে বিষয়টি ভেবে দেখা হবে।’ ২০০৮ সালে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেওয়ার পর থেকে মোশাররফ যুক্তরাজ্যে বসবাস করছেন। ডেইলি মেইল, ডন অনলাইন।