কাসাব: ভয়ংকর মুম্বাই হামলার প্রতিমূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্গো প্যান্ট আর নীল রঙের জামা পরা ছোটখাটো গড়নের এক যুবক। কাঁধে একটি ব্যাগ। একে-৪৭ রাইফেল নিয়ে নির্বিচারে গুলি করতে করতে এগিয়ে যাচ্ছেন। এই হচ্ছেন পাকিস্তানি যুবক আজমল কাসাব। তাঁর এই ছবিই ভয়াবহ মুম্বাই হামলার প্রতীকে পরিণত হয়েছিল।২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনালের সিসিটিভি ক্যামেরায় আজমল কাসাবের এমন চেহারাই ধরা পড়ে। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) যে ১০ জন সদস্য মুম্বাই হামলায় অংশ নেন, তাঁদের মধ্যে একমাত্র কাসাবই জীবিত অবস্থায় আটক হন। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইকে ওই ১০ জন দীর্ঘ ৬০ ঘণ্টার মতো অবরুদ্ধ করে রাখেন। তাঁদের গুলি ও বোমায় ১৮ জন বিদেশিসহ নিহত হন ১৬৬ জন। আহত হন আরও অনেকে।একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তান কাসাবের বাড়ি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দারিদ্র্যপীড়িত ফরিদকোট গ্রামে। বিচার চলাকালে অনেকবার নিজেকে ‘দেশপ্রেমিক পাকিস্তানি’ বলে দাবি করেন তিনি। হামলায় অংশ নেওয়ার জন্য তাঁকে একবারের জন্যও অনুশোচনা করতে দেখা যায়নি। আদালতে দেওয়া বক্তব্যে কাসাব বলেন, ‘আমি ঠিক কাজই করেছি। এ জন্য আমার কোনো অনুতাপ নেই।’ তবে একই সঙ্গে তিনি আদালতের অনুকম্পাও কামনা করেন। অনুকম্পা চাওয়ার পেছনে কাসাব যুক্তি দেন, তিনি এলইটির মগজ ধোলাইয়ের শিকার। হামলায় স্রেফ রোবটের মতো অংশ নিয়েছিলেন।তদন্তকারীদের ভাষ্যমতে, বেকার থাকা অবস্থায় কাসাব এলইটির প্রভাবে পড়েন। পাকিস্তানের প্রত্যন্ত এলাকার একটি শিবিরে প্রশিক্ষণ শেষে তাঁকে মুম্বাই হামলার জন্য পাঠানো হয়। পরিকল্পনা অনুযায়ী, নয় জঙ্গির সঙ্গে পাকিস্তান ছাড়েন তিনি। সাগরপথে প্রবেশ করেন মুম্বাইয়ে। কয়েকটি দলে বিভক্ত হয়ে কাসাব ও তাঁর সঙ্গীরা একে একে দুই বিলাসবহুল হোটেল তাজমহল ও ওবেরয় ট্রাইডেন্ট, একটি ইহুদি সেন্টার ও একটি রেস্তোরাঁয় ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করেন। আটকের পর কাসাব পুলিশকে জানান, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাঁকে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ‘আমি এখন বাঁচতে চাই না।’ বিচারপতি এম এল তাহালিয়ানি কাসাবকে মৃত্যুদণ্ড দেন। পিটিআই।