কাসাবের আপিলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলার আসামি মোহাম্মদ কাসাবের করা আপিলের শুনানি গতকাল মঙ্গলবার দিল্লিতে শুরু হয়েছে। এর আগে ২০১০ সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া, হত্যা ও সন্ত্রাসী তৎপরতাসহ ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে হাইকোর্টের মামলার রায়ে কাসাবকে (২৪) মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তিনি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। কাসাব মুম্বাই হামলার ঘটনায় জড়িত ১০ জন বন্দুকধারীর একজন। তিন দিনব্যাপী ওই সন্ত্রাসী হামলার ঘটনায় ১৬৬ জন নিহত হয়।গতকাল আদালতের নিযুক্ত কাসাবের আইনজীবী তাঁর বিবৃতি পড়ে শোনান। এতে বলা হয়, ‘বিচার নিরপেক্ষ হয়নি বলে উল্লেখ করার পরও আমাকে দোষী সাব্যস্ত করা ভুল হয়েছে। আমাকে পরামর্শ নেওয়ার জন্য আইনজীবীও দেওয়া হয়নি।’বিবৃতিতে বলা হয়, ‘বিচারে আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা যায়নি। আমি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হতে পারি, আমার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগেও আনা হতে পারে। কিন্তু একটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকার দায় আমার কাঁধে চাপানো যাবে না।’ সকালে আপিলের শুনানি শুরু হলে অল্প সময়ের জন্য আদালতের কার্যক্রম মুলতবি হয়ে যায়। এ সময় শুনানির জন্য নিয়োগপ্রাপ্ত দুজন বিচারকের একজন সুপ্রিম কোর্টের আরেকটি মামলার বিচারকাজে ব্যস্ত ছিলেন। মুম্বাই হামলার ঘটনায় ভারতের অভিযোগ, এই হামলায় অংশ নেওয়া জঙ্গিদের প্রশিক্ষণ, অস্ত্রসহ সরঞ্জাম ও অর্থ সরবরাহে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার হাত রয়েছে। এএফপি।