কাসাবের কোনো ‘শেষ ইচ্ছা’ ছিল না
মৃত্যুর আগে পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসাবের (২৫) শেষ ইচ্ছা জানতে চেয়েছিল ভারতের কারা কর্তৃপক্ষ। কিন্তু তিনি কোনো ইচ্ছা প্রকাশ করেননি। শুধু চেয়েছিলেন, ফাঁসির খবরটি যেন পাকিস্তানে তাঁর মাকে জানানো হয়।ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল বলেন, কাসাবের শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়েছিল। তিনি কিছুই বলেননি।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের মতে, ৫ নভেম্বর কাসাবের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ১২ নভেম্বর কাসাবকে জানানো হয়, শিগগিরই তাঁর ফাঁসি কার্যকর হবে। কর্মকর্তা সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের আর্থার রোড কারাগারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কাসাবের কারাকক্ষে গিয়ে তাঁর মৃত্যুর পরোয়ানা পড়ে শোনান। এরপর পরোয়ানায় সই করেন কাসাব।গত সোমবার পুনের ইয়েরবাড়া কারা পুলিশ ও স্থানীয় পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাসাবকে আর্থার রোড কারাগার থেকে ইয়েরবাড়া কারাগারে নিয়ে যায়। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।