মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা মামলায় অভিযুক্ত আজমল আমির কাসাবের (২৫) প্রাণভিক্ষার আবেদন নাকচ করে তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।জীবন বাঁচানোর আইনি লড়াইয়ে সর্বোচ্চ আদালতে পরাজিত হওয়ার পর এ বছরের ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন লস্কর-ই-তাইয়েবার সদস্য কাসাব। গত ২৯ আগস্ট ভারতের সর্বোচ্চ আদালত ২৬/১১ হামলার মামলায় অভিযুক্ত কাসাবের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আদালতের রায়ে বলা হয়, ‘তিনি (কাসাব) বিবেকহীনের মতো এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।’ এর মধ্য দিয়ে কাসাবের শুরু করা প্রায় চার বছরের আইনি লড়াইয়ের অবসান হলো। অন্য আসামিদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠাতে অনেক বেশি সময় লাগলেও কাসাবের আবেদনটি মাত্র তিন সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতি ভবনে পাঠানো হলো। এর আগে মহারাষ্ট্রের গভর্নর শংকরনারায়ণ প্রাণভিক্ষার আবেদন নাকচ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘কাসাবের প্রাণভিক্ষার আবেদনটি রাজ্য সরকার ও গভর্নরের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠানো হলো। এখন রাষ্ট্রপতিই সিদ্ধান্ত নেবেন।’ ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেল ও রেলওয়ে স্টেশনে হামলা চালান কাসাব ও তাঁর নয় সহযোগী। হামলায় বিদেশি নাগরিক, পুলিশসহ ১৬৬ জন নিহত হন। টাইমস অব ইন্ডিয়া।