কাসাবের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত একমাত্র জীবিত হামলাকারী আজমল আমির কাসাবকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় ভারতের সর্বস্তরের মানুষ স্বস্তি প্রকাশ করেছে। একই সঙ্গে তারা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে। তারা এ রায়কে আইনের শাসনের বিজয় বলে অভিহিত করে বলেছে, যত দ্রুত সম্ভব এই ভয়াবহ সন্ত্রাসীর বিচারের রায় কার্যকর করতে হবে।পাকিস্তানি জঙ্গি কাসাবকে চারটি অভিযোগে গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন মুম্বাইয়ের বিশেষ আদালত। বিচারক এম এল তাহালিয়ানি কাসাবকে ফাঁসি দিয়ে তাঁর মৃত্যু কার্যকরের নির্দেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাসাব এ রায়ের বিরুদ্ধে আবেদন করলে এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক বছর লেগে যেতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে ভারতের সর্বস্তরের মানুষ। তারা বলেছে, যে করেই হোক, বিচারের রায় দ্রুত কার্যকর করতে হবে।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চবন বলেছেন, ‘কাসাব আবেদন করলে যত দ্রুত সম্ভব উচ্চ আদালতের রায় পাওয়ার চেষ্টা করা হবে। যত আগে সম্ভব কাসাবকে ফাঁসিতে ঝোলাতে চাই আমরা। কাসাবের আবেদন দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হবে।’মুম্বাইয়ের চায়ের দোকানদার মোহাম্মদ তৌফিক শেখ বলেন, ‘কাসাবের মৃত্যুদণ্ডাদেশ হওয়ায় আমি অবশ্যই খুশি। তবে আশঙ্কার বিষয় হলো, কাসাবের সাজা কার্যকরের জন্য কতদিন অপেক্ষা করতে হবে তা নিয়ে।’ ২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই রাতে সন্ত্রাসী হামলার সময় তৌফিক শেখ মুম্বাইয়ের প্রধান রেলস্টেশনে ছিলেন। কাসাব ও তার সহযোগীদের এলোপাতাড়ি গুলির হাত থেকে অল্পের জন্য বেঁচে যান তিনি। রেলস্টেশনে এই হামলায় ৫২ জন মারা যায়।মুম্বাইয়ের রেলস্টেশনে হামলার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন দিপেশ পান্ডের বাবা। দিপেশ বলেন, ‘কাসাবকে এক বছরেরও বেশি সময় ধরে বাঁচিয়ে রাখা হয়েছে। অথচ সেই রাতে কাসাব ও তার সহযোগীদের হাতে মাত্র কয়েক ঘণ্টায় ৫২ জন লোক প্রাণ হারাল।’ তিনি বলেন, এই বন্দুকধারীকে কারাগারে বন্দী করে রাখার পেছনে অর্থ ব্যয় না করে সেই অর্থ মুম্বাই হামলায় হতাহত ব্যক্তিদের পরিবার-পরিজনের পেছনে ব্যয় করা উচিত। উল্লেখ্য, ভারতে সর্বশেষ ২০০৪ সালে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে ১৯৯৮ সালে আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ভারতে অনেক অপরাধীরই মৃত্যুদণ্ডাদেশ রয়েছে। কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চেয়ে আবেদন করায় আইনি জটিলতার কারণে সেই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা যাচ্ছে না। কয়েক বছর ধরে তাদের আবেদনের ওপর শুনানি চলছে। ভারতের ট্যাবলয়েড পত্রিকা মেইল টুডে তাদের সম্পাদকীয়তে বলেছে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক বছর লাগলে মৃত্যুদণ্ডাদেশের কার্যকারিতা হারিয়ে যায়। এএফপি।