কাসাবের মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় একমাত্র জীবিত আসামি আজমল আমির কাসাবের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বুধবার এক রায়ে পাকিস্তানি নাগরিক কাসাবের মৃত্যুদণ্ড বহাল রেখেছে।২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের বিলাসবহুল কয়েকটি হোটেল, প্রধান রেলওয়ে স্টেশন ও একটি ইহুদি সাংস্কৃতিক কেন্দ্র অবরোধ করে সন্ত্রাসীরা। কাসাব ও তাঁর সহযোগীরা রেলওয়ে স্টেশনে হামলা চালান, যাতে ৫২ জন নিহত হয়। সব মিলিয়ে ১৬৬ জনের প্রাণহানি ঘটে। এর বাইরে নয়জন বন্দুকধারীও নিহত হয়। ঘটনা শুরুর ৬০ ঘণ্টা পর ওই অবরোধের অবসান হয়।ভারত ওই সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে থাকে। পাকিস্তান প্রথম দিকে অস্বীকার করলেও পরে তারা স্বীকার করে যে তাদের ভূখণ্ডে ওই হামলার বিষয়ে আংশিক পরিকল্পনা করা হয় এবং কাসাব পাকিস্তানি নাগরিক।২০১০ সালের ৩ মে মুম্বাইয়ের একটি আদালত কাসাবকে দোষী সাব্যস্ত করেন। তিনি মোট ৮০টি অভিযোগে দোষী সাব্যস্ত হন। আদালত সে সময় মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। সুপ্রিম কোর্টের বিচারক আফতাব আলম এবং সি কে প্রাসাদ গতকাল রায়ে বলেন, অপরাধের প্রকৃতি এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধের বিষয়টি বিবেচনা করে তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই। বিবিসি