কাসাবের মৃত্যুদণ্ডের ব্যাপারে রায় ২১ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত পাকিস্তানি সন্ত্রাসী মোহাম্মদ আজমল কাসাবের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হবে কিনা—এ ব্যাপারে রায় ঘোষণা করা হবে ২১ ফেব্রুয়ারি। গতকাল সোমবার বোম্বে হাইকোর্ট এই সিদ্ধান্তের কথা জানান। গত ৭ জানুয়ারি এ সংক্রান্ত মামলার যুক্ততর্ক শুনানি শেষ হয়। বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকাম জানান, মুম্বাই হামলার ঘটনায় গত বছর নিম্ন আদালত কাসাবকে যে মৃত্যুদণ্ডাদেশ দেন, উচ্চ আদালত তা বহাল রাখবেন না শাস্তি কমাবেন, এ ব্যাপারে সিদ্ধান্তের কথা ২১ ফেব্রুয়ারি জানানো হবে। ২০০৮ সালের ২৬ নভেম্বর আরব সাগর পাড়ি দিয়ে কাসাবসহ ১০ জন পাকিস্তানি সন্ত্রাসী দক্ষিণ মুম্বাইয়ে প্রবেশ করেন। তাঁরা। ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাল, তাজমহল প্যালেস অ্যান্ড টাওয়ার হোটেল, হোটেল ট্রাইডেন্ট অ্যান্ড ওবেরয়সহ বেশ কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় বিদেশি নাগরিকসহ ১৬৬ জন নিহত ও তিন শতাধিক আহত হয়। এ ঘটনায় করা মামলার যুক্তিতর্ক শুরু হয় গত বছর ১৭ অক্টোবর। পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।