কাস্ত্রো নিয়ে ট্রাম্প ও পুতিনের ভিন্নমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় সাধারণ মিল থাকলেও কিউবার সদ্য প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর বিষয়ে তাঁরা ভিন্নমত পোষণ করেন। এ ভাষ্য রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল মঙ্গলবার বলেন, ‘তাঁরা সব দিক থেকে এক রকম নন, কাজেই ফিদেল কাস্ত্রোর ভূমিকা নিয়ে মূল্যায়নের মতো প্রশ্নে মতপার্থক্য থাকতেই পারে।’
গত শুক্রবার কিউবার বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুর পর পুতিন কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে ‘রাশিয়ার প্রকৃত বন্ধু’ বলে উল্লেখ করেন। অন্যদিকে ট্রাম্প কাস্ত্রোকে কিউবার ‘এক নিষ্ঠুর স্বৈরশাসক’ বলে আখ্যা দেন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে নেতা হিসেবে তাঁকে রুশ প্রেসিডেন্ট পুতিনের চেয়ে পেছনে রেখেছিলেন। ওই সময় পুতিনও ট্রাম্পকে অসাধারণ ব্যক্তি ও সন্দেহাতীত মেধাবী মানুষ হিসেবে অভিহিত করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরপর রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলগুলোতে ট্রাম্পের প্রশংসা করে বলা হয়, জনগণের নেতার জয় হয়েছে।