যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল সোমবার পাঁচ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে মিসরের রাজধানী কায়রো যান। সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের দীর্ঘদিনের শাসনামলের অবসানের পর সে দেশে কোনো বিদেশি নেতার এটিই প্রথম সফর। গতকাল কায়রোর যুক্তরাজ্য দূতাবাসের একজন কর্মকর্তা এ কথা জানান।এদিকে মিসরের মন্ত্রিসভায় রদবদল হয়েছে। গত রোববার পুনর্গঠিত এ মন্ত্রিসভায় মোবারকবিরোধী কয়েকজন নেতা অন্তর্ভুক্ত হলেও স্থান পায়নি মুসলিম ব্রাদারহুডের কেউ। মন্ত্রিসভার এই রদবদল তারা প্রত্যাখ্যান করেছে। গতকাল গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।ক্যামেরন এমন এক নাজুক পরিস্থিতিতে মিসর সফর করেন, যখন আরব বিশ্বে টানা দুই মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। আরব বিশ্বজুড়ে উদ্ভূত সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ক্যামেরন তাঁর মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। কায়রো গমনের মধ্য দিয়ে শুরু হয়েছে তাঁর এই সফর।নাম না প্রকাশ করার শর্তে যুক্তরাজ্য দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কায়রো পৌঁছেছেন।’ কিন্তু নিরাপত্তার কারণে তিনি মিসরের ব্যাপারে ডেভিড ক্যামেরনের পরিকল্পনা প্রকাশে অস্বীকৃতি জানান। তবে ক্যামেরন গতকাল মিসরে ক্ষমতাসীন সামরিক পর্ষদের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তানতাওয়ি ও প্রধানমন্ত্রী আহমেদ শফিকের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।কায়রো রওনা হওয়ার আগে ক্যামেরন বলেন, ‘মিসরে সামরিক শাসন থেকে বেসামরিক শাসনে প্রকৃত ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে যাঁরা এখন দেশটি চালাচ্ছেন, তাঁদের সঙ্গে আলোচনা করার এটাই আমাদের বিরাট সুযোগ। এ ক্ষেত্রে যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর ভূমিকা দেখার বিষয়।’ সফরসঙ্গী ব্রিটিশ সাংবাদিকদের ক্যামেরন বলেন, ‘এই ভূমিকা রাখার ব্যাপারে আমি বিশেষভাবে আগ্রহী এবং মিসরে এ ধরনের কাজে যাওয়া প্রথম ব্যক্তিদের একজন হতে চাই।’ক্যামেরন বলেন, মিসরে তিনি যেসব বিষয়ে আলোচনা করতে চান, এর মধ্যে একটি হচ্ছে কঠোর জরুরি আইন প্রত্যাহার। মোবারক তাঁর শাসনামলের পুরো তিন দশকজুড়ে এই আইন বহাল রাখেন। আরেকটি বিষয় হচ্ছে, কোনো অভিযোগ বা বিচার ছাড়াই কাউকে গ্রেপ্তারের আইন প্রত্যাহার। মিসরে মন্ত্রিসভায় রদবদল হলেও প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। গুরুত্বপূর্ণ এসব মন্ত্রণালয়ে পরিবর্তন হবে কি না, তাও তাৎ ক্ষণিকভাবে জানানো হয়নি। ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তানতাওয়ি ২০ বছর ধরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন।রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রদবদলের ফলে মন্ত্রিসভায় তিনটি অনুমোদিত রাজনৈতিক দলের নেতাসহ বেশকিছু নতুন মুখ এসেছে। উপপ্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে ইয়েহিয়া আল গামালকে। তিনি এল বারাদি গঠিত বিরোধী জোট ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর চেঞ্জ’-এর একজন নেতা। এ ছাড়া তিনি একজন আইন বিশেষজ্ঞ ও আইন বিষয়ে অধ্যাপনা করেন। ওয়াফদ পার্টির মহাসচিব মুনির আবদেল নূরকে দেওয়া হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। তাগাম্মু পার্টির নেতা গাওদাদ আবদেল খালেককে দেওয়া হয়েছে সোশ্যাল সলিডারিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস মন্ত্রণালয়ের দায়িত্ব।মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ সদস্য ইসাম আল এরিয়ান বলেন, ‘আমাদের মন্ত্রিসভায় কোনো পদ দেওয়া হয়নি। ক্ষমতাসীন সামরিক পর্ষদও সাবেক একনায়কের শাসনামলেরই একটি অংশ। তাই জনগণ এই সরকার চায় না। তিনি বলেন, ‘আমরা এমন একটি নতুন মন্ত্রিসভা চাই, যার সঙ্গে মোবারকের শাসনামলের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।’ এএফপি, গার্ডিয়ান ও রয়টার্স।