মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। গত জুনে মুরসির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।প্রেসিডেন্ট মুরসি গত বৃহস্পতিবার দেশটির প্রসিকিউটর জেনারেল আবদুল মেগুইদ মাহমুদকে অপসারণের নির্দেশ দিয়েছেন। তবে মিসরের বিচারকেরা এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। এ ঘটনার পরই মিসরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার কায়রোতে মুরসিবিরোধী শত শত মানুষ বিক্ষোভ করেন। গতকালও তাঁরা তাহরির স্কয়ারে বিক্ষোভের আয়োজন করেন। এ সময় মুরসির সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।গত বছর মোবারকবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর উট নিয়ে হামলায় অভিযুক্ত ২৪ জনকে বুধবার খালাস দেন কায়রোর আদালত। রায় ঘোষণার পরদিনই প্রসিকিউটর জেনারেলকে অপসারণের নির্দেশ দেন মুরসি। এএফপি।