কায়রোর সড়কে নারীদের জন্য ট্যাক্সি, চালকও নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর ব্যস্ততম একটি সড়কে ট্যাক্সি নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছেন চালক ইনাস হামাম। নিজে নারী হওয়ায় শহরে নারীদের চলাচলের ঝক্কি তিনি খুব ভালো জানেন। তাই হামাম চান শহরে নারীদের জন্য সংরক্ষিত পরিবহনব্যবস্থা থাকুক।সাম্প্রতিক বছরগুলোতে মিসরের নারীরা পথে বিভিন্ন পরিবহনে নানাভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন। সে দেশে অবস্থানরত বিদেশি নারীরাও হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না। এ বিষয়টি বিবেচনা করে নারীদের যাতায়াতের সুবিধার্থে কায়রোতে পরিবহনব্যবস্থা নারীবান্ধব করা হচ্ছে। পাতালরেলে নারীদের যাতায়াতের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। চালু করা হয়েছে ট্যাক্সি সার্ভিস। এ সার্ভিসে ট্যাক্সির চালকও একজন নারী। কায়রোর ব্যস্ত সড়কে এখন এমন অনেক ট্যাক্সিই চোখে পড়ে, যার চালক ও যাত্রী হন শুধু নারী।এক সন্তানের জননী ট্যাক্সিচালক ইনাস হামাম বলেন, ‘এটা কেবল শুরু। নারীদের যাতায়াতের সুবিধার জন্য এমন উদ্যোগ সত্যি চমত্কার।’ তিনি বলেন, ‘আমিই প্রথম এ সাহস দেখিয়েছি।’ মিসরের নারীরা ইসলামের বিধানমতে মাথায় স্কার্ফ ব্যবহার করুক, তাও চান হামাম।কায়রো ক্যাব নামের একটি বেসরকারি কোম্পানি শুধু নারীদের জন্য ট্যাক্সি সার্ভিস চালু করে। কোম্পানির কর্মকর্তা মাহমুদ কামেল বলেন, ‘ট্যাক্সির জন্য দিনে আমরা অন্তত ৩০০ টেলিফোন কল পাই। এসব কলের শতকরা ৮০ ভাগের অনুরোধ থাকে, যেন ট্যাক্সিতে নারী-চালক থাকেন।’ইজিপশিয়ান সেন্টার ফর উইমেনস রাইটসের (ইসিডব্লিউআর) এক জরিপে দেখা যায়, মিসরের শতকরা ৮৩ ভাগ নারী যৌন হয়রানির শিকার হন। আর দেশটিতে অবস্থানরত বিদেশি নারীদের মধ্যে শতকরা ৯৮ ভাগই এ হয়রানির শিকার।তবে নারীদের জন্য আলাদা ট্যাক্সি সার্ভিসকে সমর্থন করছে না নারী সংগঠনগুলো। ইসিডব্লিউআরের প্রধান নিহাদ আবুল কোমসান বলেন, এ উদ্যোগ নারীদের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে, নারীরা দুর্বল এবং তাঁদের জন্য আলাদা নিরাপত্তা প্রয়োজন।ছাত্রী মোনা আশরাফ বলেন, ‘নারীদের আমরা ট্যাক্সিচালক হিসেবে দেখতে চাই না। “এটা পুরুষের কাজ”।’ তবে তাঁর বাবা মোহাম্মদ সালাহ নারীদের জন্য পৃথক পরিবহনব্যবস্থা এবং নারী-চালকের বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন।যাতায়াতের সময় নারীদের এ সমস্যা নিয়ে সরকার ও মানবাধিকার সংগঠনগুলো কাজ করছে। গত ডিসেম্বরে মিসরের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ও জাতীয় নারী পরিষদের সদস্য জেইনাব রাদোয়ান যৌন হয়রানি রোধে আইন করার আহ্বান জানান। মিসরের বিভিন্ন নারী সংগঠনও যৌন হয়রানি বন্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এএফপি।