কায়রোয় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা সাইফ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা সাইফ আল-আদেলকে গতকাল বুধবার মিসরের কায়রো বিমানবন্দরে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওয়ান ও সরকারি বার্তা সংস্থা মেনার খবরেও সাইফ আল-আদেলকে গ্রেপ্তারের কথা জানানো হয়।আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর কিছুদিনের জন্য সাইফ সংগঠনটির শীর্ষ নেতার দায়িত্ব পালন করেন বলে খবর প্রচারিত হয়। মিসরের সেনাবাহিনীর সাবেক এই কর্নেল এর আগে লাদেনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) ওয়েবসাইটে উল্লেখ করা হয়, ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় সাইফ জড়িত বলে সন্দেহ করা হয়।এফবিআইয়ের ফেরারি আসামির তালিকায় তাঁর অবস্থান ছিল শীর্ষে। কেউ আদেলকে ধরিয়ে দিতে পারলে তাঁকে (সন্ধানদাতা) পুরস্কার হিসেবে ৫০ লাখ ডলার দেওয়ার ঘোষণা করেছিল সংস্থাটি।সাইফ আল-আদেলের গ্রেপ্তার প্রসঙ্গে কায়রো বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা বলেন, ‘ঠিক কী কারণে তিনি কায়রো এসেছিলেন, তা স্পষ্ট নয়।’বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, মোহাম্মদ ইব্রাহিম মাক্কি ও ইব্রাহিম মাদানি নামে পরিচিত সাইফ আল-আদেল পাকিস্তান থেকে আমিরাত এয়ারলাইনসের একটি বিমানে কায়রো পৌঁছান। পথে তিনি দুবাইয়ে যাত্রাবিরতি করেন।নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাইফ কায়রো বিমানবন্দরের শুল্ক বিভাগে তাঁর ভ্রমণ-সংক্রান্ত কাগজপত্র দাখিল করার সময় মিসরের জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে হেফাজতে নেন এবং পরে গ্রেপ্তার করেন। এএফপি, বিবিসি।