কায়রোয় ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ছাত্রদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ছাত্ররা গতকাল রোববার বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের বাইরে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।
বিক্ষুব্ধ ছাত্ররা এ সময় পুলিশের দিকে পাথর ছুড়ে মারেন। সেনা-সমর্থিত সরকারবিরোধী এ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা পাথর ছোড়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে সংঘর্ষে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি কায়রোর রাবা আল আদাওয়িয়া মসজিদের কাছে। গত ১৪ আগস্ট এখানেই মুরসিপন্থী দুটি বিক্ষোভ শিবির গুঁড়িয়ে দিয়েছিল নিরাপত্তা বাহিনী। এতে শত শত বিক্ষোভকারী নিহত হয়েছিলেন।
গতকাল বিক্ষোভকারীরা ওই মসজিদ চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন এবং সংঘর্ষ শুরু হয়ে যায়।
এদিকে কায়রো বিশ্ববিদ্যালয়েও গতকাল মুরসির সমর্থক ও বিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
গত ৩ জুলাই মুরসি সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন ইসলামি ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। বিবিসি ও রয়টার্স।