কায়রোয় মুরসির সমর্থক ও বিরোধীরা মুখোমুখি
খসড়া সংবিধানের ওপর গণভোট নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীরা। গতকাল মঙ্গলবার তারা গণভোটের পক্ষে-বিপক্ষে শোভাযাত্রা করতে রাজধানী কায়রোতে পৃথক স্থানে জড়ো হয়। এর আগে সোমবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছুড়লে নয়জন আহত হয়।প্রত্যক্ষদর্শী ও মিসরের গণমাধ্যম জানায়, ১০০ জনের মতো বিক্ষোভকারী সোমবার সন্ধ্যায় কায়রোতে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে জড়ো হয়। এর আগেই প্রাসাদটি সুরক্ষায় ইট-পাথরের দেয়াল তুলে ঘিরে দেয় সেনাবাহিনী। এ ছাড়া তাহরির স্কোয়ারে শিবির গেড়ে অবস্থান নেওয়া মুরসিবিরোধী বিক্ষোভকারীদের ওপর রাতে পেট্রলবোমা নিক্ষেপ করে মুখোশধারী হামলাকারীরা। এ সময় গুলির শব্দও পাওয়া যায়। ঘটনার সময় নয়জন আহত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।জন জর্জেস নামের একজন মিসরীয় খ্রিষ্টান নিজেকে সমাজতন্ত্রী পরিচয় দিয়ে বলেন, ‘মুখোশধারী লোকজন হঠাৎ তাহরির চত্বরে এসে বিক্ষোভকারীদের ওপর হামলা শুরু করে। আমাদের বাধা দিতে এবং আজকের (মঙ্গলবারের) বিক্ষোভ থেকে নিবৃত্ত করতেই এই হামলা। আমরাই এই সন্ত্রাসী পন্থার প্রতিবাদ জানাই এবং আজ আমরা সবচেয়ে বড় বিক্ষোভ করব।’মিসরের বামপন্থী, উদারপন্থী ও অন্যান্য বিরোধী গোষ্ঠীগুলোর জোট ন্যাশনাল সালভেশন ফ্রন্ট গতকাল স্থানীয় সময় বেলা চারটায় দিকে প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে পদযাত্রা শুরু করে। পরে কয়েক শ বিক্ষোভকারী বাধা ভেঙে প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা করে। তবে সেখানে মোতায়েন থাকা শত শত সেনাসদস্য ও দাঙ্গা পুলিশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখে। তাদের পেছনেই সারিবদ্ধ করে রাখা ছিল ট্যাংক ও সাঁজোয়া যান। গত সপ্তাহে এগুলো সেখানে মোতায়েন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরে সেখানে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হবে বলে প্রত্যাশা করা হচ্ছিল। অন্যদিকে সংবিধানের ওপর গণভোটের সমর্থনে একই দিন কায়রোতে দেশটির ইসলামপন্থীদের সমাবেশেও হাজার হাজার সমর্থক জড়ো হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। মুরসির সমর্থক মুসলিম ইসলামপন্থী দলগুলের জোটের এই সমাবেশ মুরসিবিরোধী বিক্ষোভকারীদের অবস্থান থেকে মাত্র এক মাইল দূরের একটি স্থানে আহ্বান করা হয়। একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উভয় পক্ষের মধ্যে সহিংস ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছিল। এর আগে গত সপ্তাহে কায়রোর রাস্তায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সে সময় সাতজন প্রাণ হারায়। প্রেসিডেন্ট মুরসি নিজের ক্ষমতা গত ২২ নভেম্বর বাড়িয়ে একটি ডিক্রি জারি করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। গণআন্দোলনে গত বছরের মার্চ মাসে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর চলতি সংকট পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে যুক্তরাষ্ট্রে উদ্বেগ তৈরি করেছে। ১৯৭৯ সালে মিসর ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করার পর থেকেই ওয়াশিংটন কায়রোকে সামরিক ও অন্যান্য খাতে কোটি কোটি ডলার সহায়তা দিয়ে আসছে। সংকট উত্তরণে এবং আইনশৃঙ্খলা রক্ষায় দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসি এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে ২২ নভেম্বর জারি করা ডিক্রিটি বাতিল করা। পাশাপাশি তিনি উদ্ভূত পরিস্থিতি আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষায় গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনেরও নির্দেশ দেন। তবে খসড়া সংবিধানের ওপর আগামী শনিবারের গণভোটের তারিখ অপরিবর্তিত রাখার ঘোষণা দেওয়া হয়। মুরসিবিরোধী বিক্ষোভকারীদের প্রধান দাবিই ছিল, ইসলামপন্থীদের নিয়ন্ত্রণাধীন সাংবিধানিক পরিষদের পাস হওয়া ওই খসড়া সংবিধানের ওপর গণভোট বাতিল করা। রয়টার্স ও বিবিসি।