কায়রোয় যাত্রীবাহী বাসে বোমা হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোয় গতকাল বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাসে বোমা হামলা হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচজন। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নীল নদ-তীরবর্তী শহর মানসুরার থানায় হামলার মাত্র দুদিন পর এই হামলা চালানো হলো। ওই ঘটনায় ১৪ জন নিহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জেনারেল আলা আবদেল তাহের জানান, রাজধানীর ব্যস্ত নাসর সিটি এলাকায় আজহার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে গতকালের বোমা হামলা হয়। হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। জেনারেল তাহের জানান, তদন্তকাজ চলছে। আহত ব্যক্তিদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, একই এলাকায় দূরনিয়ন্ত্রিত যন্ত্রচালিত দ্বিতীয় একটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে তৃতীয় আরেকটি বোমা নিষ্ক্রিয় করার কথাও বলা হয়। মেজর জেনারেল জামাল হালাওয়া নামের আরেক কর্মকর্তা জানান, বোমাগুলো সড়ক-বিভাজকে বিজ্ঞাপনী প্ল্যাকার্ডের পাশে পেতে রাখা ছিল।

এ হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে মিসরের সেনা-সমর্থিত সরকার ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডকে  আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরদিন এ হামলার ঘটনা ঘটল। ব্রাদারহুডের সহযোগী দাতব্য প্রতিষ্ঠানগুলোর সব কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

একটি সংশোধিত সংবিধানের ওপর আগামী মধ্য-জানুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটের আগে সরকারের এ ঘোষণা মিসরে সহিংসতার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

ব্রাদারহুড বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা: সেনাবাহিনীর হাতে উৎখাত হওয়া সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে সরকার ঘোষণা দিয়েছে গত বুধবার। এর আগে সরকার মানসুরা শহরে বোমা হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনায় মুসলিম ব্রাদারহুডকে দায়ী করে। এ ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে ব্রাদারহুডের সমর্থকেরা বিক্ষোভ করেন।

ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি যাঁরা এর সদস্য হবে তাঁদের শাস্তি দেওয়ার কথাও ঘোষণা করেছে সরকার। উপ-প্রধানমন্ত্রী হোসাম ইসা রাষ্ট্রনিয়ন্ত্রিত আল-মাসরিয়া টেলিভিশনকে বুধবার মন্ত্রিসভার এই ঘোষণার কথা জানান।

হোসাম ইসা বলেন, সরকার এ কথা পুনর্ব্যক্ত করছে যে, আর পেছনে ফিরে যাওয়া হবে না। মিসর ও এর জনগণ ব্রাদারহুডের সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে কখনোই হার মানবে না। ব্রাদারহুডের অপরাধ সব নৈতিক, ধর্মীয় ও মানবিক সীমাকে ছাড়িয়ে গেছে। সিএনএন।