কায়ানি ও পাশাকে সরানোর ইচ্ছা নেই সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই।গতকাল শুক্রবার দেশটির অ্যাটর্নি জেনারেল আনোয়ারুল হক সুপ্রিম কোর্টের শুনানিতে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজের নিরাপত্তায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।সেনাপ্রধান কায়ানি ও আইএসআইয়ের প্রধান পাশাকে সরিয়ে দেওয়ার সম্ভাব্য পরিকল্পনার বিরুদ্ধে আদালতে করা এক আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল আনোয়ারুল হক। এতে তিনি বলেন, কায়ানি বা পাশাকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। এ সময় প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরী অ্যাটর্নি জেনারেলকে এ-সংক্রান্ত সরকারের নির্দেশ লিখিতভাবে আদালতে দাখিল করার নির্দেশ দেন। এর পর দুই সপ্তাহের জন্য আদালত মুলতবি ঘোষণা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসায়ী ইজাজের নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে সরকার। ‘মার্কিন সহায়তা চাননি মোশাররফ’: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুলান্ড বলেছেন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তানে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাননি। ডন অনলাইন।