সদ্য অবসর নেওয়া সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি রাষ্ট্রদ্রোহের মামলায় লড়তে সাহায্য না করায় আক্ষেপ করেছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ। সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এক্সপ্রেস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আক্ষেপ করেছেন তিনি।
পাকিস্তানের ইংরেজি ভাষার টিভি চ্যানেলটি গত রোববার রাতে জেনারেল মোশাররফের সাক্ষাৎকারটি প্রচার করে। এতে তিনি আরও বলেছেন, মামলার বিচারে দোষী সাব্যস্ত হলেও ক্ষমা চাইবেন না।
প্রেসিডেন্ট হিসেবে মোশাররফই কায়ানিকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। গত মাসে কায়ানি অবসর গ্রহণ করেন।
সাক্ষাৎকারে মোশাররফ বলেন, রাষ্ট্রদ্রোহের মামলায় কায়ানি সহায়তা না করায় তিনি দুঃখ পেয়েছেন। তিনি বলেন, ‘তিনি (কায়ানি) অন্তত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর মামলায় সাক্ষ্য-প্রমাণ হিসেবে হলফনামা দিতে পারতেন। এ বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া উচিত।’
বিচারে দোষী সাব্যস্ত হলে ক্ষমা চাওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে মোশাররফ বলেন, ‘আমি ক্ষমা চাইব না...আমি এমন কোনো সমাধানের জন্য আগ্রহ প্রকাশ করব না, যাতে করে এমন ধারণা তৈরি হয় যে আমি ভীত হয়ে তা করেছি।’ পাকিস্তানের ইতিহাসে মোশাররফই প্রথম সামরিক শাসক, যাঁকে অপরাধ সংঘটনের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে। পিটিআই।