কায়ানির পদত্যাগের ঘোষণায় স্বস্তিতে নওয়াজ শরিফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর মহড়ায় জেনারেল আশফাক পারভেজ কায়ানি
সেনাবাহিনীর মহড়ায় জেনারেল আশফাক পারভেজ কায়ানি

‘পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্বের মেয়াদ শেষ হবে ২৯ নভেম্বর ২০১৩। ওই দিন আমি অবসরে যাব।’ পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) থেকে গত রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি।
পাকিস্তানে কোনো সেনাপ্রধানের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা চূড়ান্ত দিনটির এত আগে দেওয়া খুবই ব্যতিক্রমী ঘটনা। এ নিয়ে নানা রকম গুঞ্জন যে দেশের ক্ষতি করছে, তা উপলব্ধি করতে পেরেই হয়তো কায়ানি এ সিদ্ধান্ত নিয়েছেন।
জেনারেল কায়ানির অপ্রত্যাশিত এই বিবৃতি পাকিস্তান সরকার তথা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উদ্বেগ কিছুটা প্রশমিত করেছে বলে মনে করছেন অনেকে। সরকারের উদ্বেগের কারণ হলো আন্তর্জাতিক গণমাধ্যমের দুটি সাম্প্রতিক প্রতিবেদন। একটি প্রতিবেদনে বলা হয়, জেনারেল কায়ানির সেনাপ্রধানের মেয়াদ শেষ হলে তাঁকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান করা হচ্ছে। এ জন্য এই কমিটির ক্ষমতা আরও বাড়ানো হবে।
দ্বিতীয় প্রতিবেদনটি ছিল বেশি আশঙ্কাজনক। এটি প্রকাশ করে মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। এই প্রতিবেদনে বলা হয়, কায়ানি প্রতিরক্ষা বিষয়ে তাঁর ভূমিকা রাখার ক্ষেত্র বজায় রাখতে তদবির করছেন। এতে আরও বলা হয়, কায়ানি সেনাপ্রধান হিসেবে আরও দু-এক বছর দায়িত্ব পালন করতে চান। কিন্তু বর্তমান সরকারের পক্ষে তাঁর এই ‘আবদার’ মেনে নেওয়া কঠিন। প্রতিবেদনগুলোতে বলা হয়, সেনাপ্রধানের পদ না হলে কায়ানি সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে চান। কিংবা যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হতে চান।
এসব প্রতিবেদনের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কায়ানির বিষয়টি আলোচিত হয়। এসব আলোচনায় সেনাপ্রধান হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ বাড়ানো বা নতুন দায়িত্ব দেওয়ার সম্ভাবনার বিষয়টি উঠে আসে। তবে টেলিভিশন আলোচনায় অংশ নিতে চান না, এমন অনেক সাবেক সেনা কর্মকর্তা মনে করেন, সেনাপ্রধান হিসেবে কায়ানির দায়িত্বের মেয়াদ বাড়ানো সঠিক হবে না।
প্রধানমন্ত্রী নওয়াজ গত মাসে যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধানের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরাসরি হ্যাঁ-না কিছু বলেননি। হয়তো সরাসরি উত্তর না দেওয়ার বিষয়ে চাপে ছিলেন তিনি।
২০০৭ সালে সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ সেনাপ্রধানের দায়িত্ব ছেড়ে দিয়ে কায়ানিকে সেই পদে নিয়োগ দেন। ২০১০ সালে সেই মেয়াদের দায়িত্ব শেষ হলে তৎকালীন পিপলস পার্টির (পিপিপি) সরকারের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সেনাপ্রধানের পদে কায়ানির দায়িত্ব তিন বছর বৃদ্ধি করেন। তখন এটা নিয়ে সমালোচনা ও বিতর্ক হয়।
অনেকের মতে, সামরিক বাহিনীর দিক থেকে এবং যুক্তরাষ্ট্রের চাপ থাকায় কায়ানির দায়িত্বের মেয়াদ বৃদ্ধি করে পিপিপি সরকার। এবারও হয়তো একই চাপের মুখোমুখি হতে হয়েছে নওয়াজের সরকারকে। তাই যুক্তরাষ্ট্র সফরে দেওয়া সাক্ষাৎকারে তিনি কায়ানির ব্যাপারে সরাসরি কিছু বলেননি। আইএসপিআরের গত রোববারের বিবৃতিতে নওয়াজ সরকারের ওপর থেকে যেন সেই চাপ সরে গেল।
উল্লেখ্য, কায়ানিই পাকিস্তানের একমাত্র সেনাপ্রধান, যিনি এই শীর্ষ পদে আসীন হওয়ার আগে আন্তবাহিনী গোয়েন্দা সংস্থার (আইএসআই) মহাপরিচালক ছিলেন। ডন।