কায়ানির মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত আপিল খারিজ
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির চাকরির মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত একটি আপিল গত বুধবার খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।বিচারপতি মোহাম্মদ আনোয়ার খান কাসি ও বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ওই আপিল বিবেচনা করে রায় দেন। জেনারেল আশফাক পারভেজ কায়ানির চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত কর্নেল ইনামুর রশিদ গত সেপ্টেম্বরে একটি আবেদন করেছিলেন। কিন্তু প্রধান বিচারপতি ইকবাল হামিদুর রহমান তা খারিজ করে দেন। তিনি তখন বলেন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের চাকরির ব্যাপারে হাইকোর্টে কোনো শুনানির বিধান নেই।ইনামুর রশিদ আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। এতে বলা হয়, জেনারেল আশফাক পারভেজ কায়ানির বয়স গত এপ্রিলে ৬০ বছর পেরিয়ে গেছে। পাকিস্তানের ১৯৫২ সালের সামরিক আইন অনুযায়ী ষাটোর্ধ্ব ব্যক্তিদের সেনাবাহিনীতে কর্মরত থাকার সুযোগ নেই। এই কারণ দেখিয়ে বয়স বাড়ানোর বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়। ডন অনলাইন।