কিংফিশারে ফের ধর্মঘট, ৩১টি ফ্লাইট বাতিল
আবারও কর্মী ধর্মঘটের কবলে পড়েছে ভারতের অন্যতম বৃহৎ বিমান সংস্থা কিংফিশার এয়ারলাইনস। ধর্মঘটের কারণে গতকাল বুধবার নয়াদিল্লি ও মুম্বাই থেকে এয়ারলাইনসটির ৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেতন-ভাতা পরিশোধ না করার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ ধর্মঘটে যাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। কিংফিশার এয়ারলাইনস সূত্র জানায়, গতকাল নয়াদিল্লি থেকে এয়ারলাইনসটির ২২টি এবং মুম্বাই থেকে নয়টি ফ্লাইট বাতিল করা হয়। ধর্মঘটে অংশগ্রহণকারীদের মধ্যে পাইলট এবং প্রকৌশলীরাও রয়েছেন।এক বছর ধরেই মারাত্মক তহবিল সংকটে রয়েছে কিংফিশার। বর্তমানে এয়ারলাইনসটির বৃহৎ পরিসরের কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ মাসের বেতন বাকি রয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। ধর্মঘটে অংশগ্রহণকারী ব্যক্তিরা জানান, বেতন-ভাতা না দেওয়ার প্রতিবাদেই তাঁরা কাজে যাচ্ছেন না। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রায় দেউলিয়া হয়ে যাওয়া ওই এয়ারলাইনসটির পরিচালনা বোর্ডের সদস্যরা গতকাল নয়াদিল্লিতে বৈঠক করছিলেন বলে জানা গেছে।তহবিল সংকটের কারণে গত এপ্রিল মাস থেকেই কিংফিশার এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা কার্যক্রম নিয়ে সমস্যা চলে আসছে। পিটিআই।