কিংস্টনের বহুজাতিক উৎসবে অংশ নিলেন বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিংস্টনে সাংস্কৃতিক উৎসবে প্রবাসী বাংলাদেশিদের পরিবেশনা
কিংস্টনে সাংস্কৃতিক উৎসবে প্রবাসী বাংলাদেশিদের পরিবেশনা

কানাডায় অভিবাসী বিভিন্ন দেশের বাসিন্দাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য দেশজুড়ে বহু সংস্কৃতির মানুষদের অংশগ্রহণে প্রতিবছর যে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয় তারই ধারাবাহিকতায় অন্টারিও প্রদেশের কিংস্টনে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো বহুজাতিক সংস্কৃতি উৎসব। কিংস্টন ইমিগ্রেশন পার্টনারশিপের উদ্যোগে এবারের উৎসবে অংশ নেন ১৮ দেশের অভিবাসীরা। এবারই প্রথম বাংলাদেশিদের একটি দল এই উৎসবে অংশ নিল।
দেশের ঐতিহ্যকে অন্য সংস্কৃতির হাজারো মানুষের সামনে ‍তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত এই উৎসব অনুষ্ঠিত হয় কিংস্টন সিটি হলের সামনে অবস্থিত কনফেডারেশন পার্কে। অনুষ্ঠানে এমপিপি সোফি কোয়ালাসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন।
রৌদ্রোজ্জ্বল দিনের সকালবেলা থেকেই কর্মীরা স্টলের প্রস্তুতি শুরু করেন। তবে মূল অনুষ্ঠান শুরু হয় সাড়ে ১১টায়। সারা দিন ধরে বিভিন্ন দেশের অভিবাসীদের সক্রিয় অংশগ্রহণে উৎসব চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
একঝাঁক প্রতিভাবান বাংলাদেশি কিংস্টনবাসী এবং কুইন’স বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পর্বটি। বাংলাদেশ পর্বের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আফরোজা এলাহী ও কাজী হক। শিশুদের নৃত্য পরিকল্পনায় ছিলেন পলি খান। এতে অংশগ্রহণ করে প্রিয়ন্তী, অবন্তী, এলিসা, প্রিন্স, আদিয়ান ও প্রাঞ্জল। দলীয় সংগীত পরিচালনায় ছিলেন মানসী সাহা। এতে অংশগ্রহণ করেন প্রণব, ভিক্টর, শিহাব, জয়দ্বীপ, বাসমাহ, আফরোজা, সুমি ও পলি।