কিউবার উপকূলে নৌকাডুবিতে ৩৮ জনের মৃত্যু
কিউবার পূর্ব উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৭ জনকে। নৌকার আরোহীরা সবাই হাইতির অভিবাসী বলে জানা গেছে। গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কিউবার টেলিভিশনের প্রতিবেদন বলা হয়, শনিবার তীর থেকে ১০০ মিটার দূরে দুর্ঘটনাকবলিত একটি নৌকা দেখতে পান বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সেখান থেকে তাঁরা সাতজন নারীসহ ৮৭ জনকে জীবিত উদ্ধার করেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন নারী ও ২১ জন পুরুষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নৌকা ডোবার কারণ ও এর যাত্রীরা কোথায় যাচ্ছিল, সে ব্যাপারে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি। যাত্রীরা অন্য কোনো দেশের উদ্দেশে হাইতি থেকে যাত্রা করেছিল বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো দেশের উদ্দেশে দরিদ্র দেশ হাইতির অভিবাসীদের যাত্রাপথে এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। ২০০৯ সালে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন তুর্কস এবং কেকোস দ্বীপপুঞ্জের কাছে নৌকা ডুবে দেশটির ৭০ জন অভিবাসী নিখোঁজ হয়। বিবিসি।