কিউবার টিভিতে শাভেজের নতুন ভিডিও
কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে গত মঙ্গলবার দেশটিতে চিকিৎসাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের নতুন ছবি ও ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। হুগো শাভেজ গুরুতর অসুস্থ বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর তাঁর নতুন ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করা হলো।ভিডিও ফুটেজে দেখা গেছে, ভেনেজুয়েলার পতাকার রঙের ট্র্যাকস্যুট গায়ে শাভেজ (৫৬) বেশ ফুরফুরে মেজাজে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর (৮৪) সঙ্গে দাঁড়িয়ে ও বসে কথা বলছেন।গতকালই শাভেজের এ ছবি তোলা ও ভিডিও ধারণ করা হয় বলে কিউবার রাষ্ট্রীয় টিভির খবরে দাবি করা হয়েছে। তবে প্রেসিডেন্ট শাভেজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খবরে বিস্তারিত কিছুই জানানো হয়নি।শাভেজের নতুন ছবি প্রকাশের পর ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী অ্যান্ডারস ইজারা গতকাল বলেছেন, ‘এই ছবি ভেনেজুয়েলার মানুষের মনে শান্তি আনবে।’এর আগে ভেনেজুয়েলা সরকার জানায়, শাভেজের মেরুদণ্ডের গোড়ার দিকে হওয়া ফোঁড়ার জন্য ১০ জুন কিউবায় তাঁর অস্ত্রোপচার করা হয়। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।তবে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে প্রকাশিত এল নুয়েভো হেরাল্ড পত্রিকা গত শনিবার জানায়, কিউবায় চিকিৎসাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ অসুস্থ।শাভেজের অনুপস্থিতি নিয়ে ভেনেজুয়েলায় উদ্বেগের পাশাপাশি নানা ধরনের গুঞ্জন রয়েছে। শাভেজের ভাই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানান, সপ্তাহ দু-একের মধ্যে কারাকাসে ফিরবেন প্রেসিডেন্ট।