কিউবার লেডিস ইন হোয়াইটের প্রতিষ্ঠাতা পোলানের জীবনাবসান
কিউবার ভিন্নমতাবলম্বী ‘লেডিস ইন হোয়াইট’ গ্রুপের প্রতিষ্ঠাতা লরা পোলান গত শুক্রবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। পোলানের স্বামী হেক্টর মাসেদা এ খবর নিশ্চিত করেছেন। কিউবার একদলীয় কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে এক দশক ধরে সামনে থেকে নেতৃত্ব দেওয়া পোলানকে শ্বাসতন্ত্রের সমস্যাজনিত কারণে এক সপ্তাহ আগে রাজধানী হাভানার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। কিউবার কমিউনিস্ট সরকারের হাতে ২০০৩ সালে ৭৫ জন ভিন্নমতাবলম্বী গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে পোলান গড়ে তোলেন লেডিস ইন হোয়াইট গ্রুপ। গ্রেপ্তার হওয়া ৭৫ ব্যক্তির মধ্যে তাঁর স্বামী হেক্টর মাসেদাও ছিলেন। গ্রুপটির প্রাথমিক সদস্যদের সবাই ছিলেন রাজনৈতিক বিবেচনায় সরকারের হাতে গ্রেপ্তার ও হয়রানির শিকার ব্যক্তিদের মা অথবা স্ত্রী। তাঁদের আন্দোলনের ফলেই আটক ওই ৭৫ ব্যক্তিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি দিতে বাধ্য হয় দেশটির কমিউনিস্ট সরকার। তাঁদের ওই আন্দোলন পরে রূপ নেয় মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আন্দোলনে যোগ দেয় সমাজের বিভিন্ন স্তরের লোকজন। বিগত এক দশক ধরে কমিউনিস্ট শাসকদের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সাদা পোশাক পরে আন্দোলন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পায় হোয়াইট ইন লেডিস গ্রুপ। তবে নিজ দেশে সরকার-সমর্থকদের হাতে ব্যাপক দমন-নিপীড়নের শিকার হয় গ্রুপটি। লেডিস ইন হোয়াইট গ্রুপ ২০০৫ সালে ইউরোপীয় পার্লামেন্টের ‘শাখারোভ’ পুরস্কার পায়। এ ছাড়া চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র সরকারের ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার’ পুরস্কার দেওয়া হয় গ্রুপটিকে।২০০৩ সালে গ্রেপ্তার হওয়া ৭৫ ভিন্নমতাবলম্বীর একজন মারথা বিট্রিজ রক বলেন, পোলানই তাঁকে মুক্তির স্বাদ দিয়েছিলেন। নিষিদ্ধঘোষিত কিউবান কমিশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ন্যাশনাল রিকন্সিলিয়েশনের প্রধান এলিজার্ডো শানচেজ বলেন, পোলানের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন অবিসংবাদিত নেতা। তবে এখনো অনেক নারী আছেন, যাঁরা তাঁর কাজকে এগিয়ে নিতে পারবেন। এএফপি ও বিবিসি অনলাইন।