কিউবার সঙ্গে সম্পর্ক স্থাপনে 'উদার' যুক্তরাষ্ট্র
কিউবার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে যুক্তরাষ্ট্র এখন ‘খুবই উদার’ বলে মন্তব্য করেছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। তবে, তিনি কমিউনিস্ট রাষ্ট্র কিউবায় অধিকতর রাজনৈতিক স্বাধীনতা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এডওয়ার্ড আলেক্স লি জানান, অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কিউবা ‘খুবই গঠনমূলক’ আলোচনা করেছে। আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানালেও বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি।
বর্তমানে কিউবা সফরে থাকা লি জানান, দুই দেশই এই বিরল আলোচনা অব্যাহত রাখার চেষ্টা করবে। হাভানায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের মধ্যে ঐতিহাসিকভাবে সংকটপূর্ণ সম্পর্ক থাকলেও...আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে পেরেছি।’ তবে তিনি এও বলেন, কিউবার জনগণের প্রতি দেশটির সরকারের দৃষ্টিভঙ্গিতে একটি ‘মৌলিক পরিবর্তন’ দেখতে চায় যুক্তরাষ্ট্র। লি বলেন, ‘কিউবার পক্ষ থেকে আমরা শুরুর প্রতিফলন দেখতে চাই। আর তা হচ্ছে, কিউবার নাগরিকদের মুক্তভাবে কথা বলা, অসন্তোষের ব্যাপারে কথা বলা ইত্যাদি বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা দেখানো।’ বিবিসি।