কিউবায় আঘাত হেনেছে স্যান্ডি
ঘূর্ণিঝড় স্যান্ডি আরও শক্তিশালী হয়ে গতকাল বৃহস্পতিবার কিউবায় আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, ঘণ্টায় সর্বোচ্চ ১১০ মাইল বেগে ঝড়টি গতকাল সান্তিয়াগো ডি কিউবার পশ্চিমে আঘাত হানে।এনএইচসি সতর্ক করে দিয়ে বলেছে, ঘূর্ণিঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে বন্যা এবং বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধস হতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিউবা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের কোথাও কোথাও ৩০০ মিলিমিটার (১১ ইঞ্চি) বৃষ্টি হতে পারে। ক্যারিবীয় অঞ্চলের কিছু পার্বত্য এলাকায় ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড হতে পারে।কিউবার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা ল্যাজারো এসপোসিতো বলেন, ‘আমরা একজন মানুষকেও বিপদের মধ্যে ফেলে রাখতে পারি না। সময় নষ্ট না করে বন্যা প্লাবিত হতে পারে—এমন সব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।’সান্তিয়াগোর কিছু হোটেল কর্তৃপক্ষ জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর স্থাপন করছে। সান্তিয়াগোর হোটেল মেলিয়ার কর্মী মেতি কুয়েস্তা বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছি। এটা আমাদের ওপর আঘাত হানবে। কিন্তু আমরা মনে করি না, এতে কোনো ক্ষতি হবে।’ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে মার্কিন নৌ ঘাঁটি ও কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত গুয়ানতানামো বে। ওই এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিবিসি ও এএফপি।