কিউবায় কলেরায় তিনজনের প্রাণহানি
কিউবায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মানজানিলোয় কলেরায় তিনজনের প্রাণহানির পর রাজধানী হাভানায়ও রোগটি ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার সেখানকার চারটি হাসপাতাল কলেরা রোগীদের আলাদা কক্ষে রাখার প্রস্তুতি নিতে শুরু করলেও রোগটির প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির সাংবাদিক সারাহ্ রাইনসফোর্ড জানিয়েছেন, হাভানায় এ পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। গত বুধবার হাসপাতালে ভর্তি হওয়া ৬০ বছর বয়স্ক এক নারীর শারীরিক অবস্থা গতকাল পরীক্ষার পর তাঁর কলেরা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকেরা। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেও জানান তাঁরা। কিউবার কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, দেশটিতে বর্তমানে কলেরার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হাভানা থেকে ৭৫০ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রানমা প্রদেশ থেকেই কলেরায় আক্রান্তের অধিকাংশ খবর পাওয়া যাচ্ছিল। কুয়ার দূষিত পানি পান করাই ওই অঞ্চলে কলেরার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণ বলে ধারণা করা হচ্ছে।