কিউবায় কারাগারে এখনো কয়েক শ বিক্ষোভকারী
কিউবায় সরকারবিরোধী বিক্ষোভের এক মাস পেরিয়েছে। ওই বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ভিন্নমতাবলম্বী শিল্পী, বিরোধীসহ কয়েক শ মানুষকে এখনো আটকে রেখেছে সরকার। দেশটির অধিকার সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
গত মাসের ১১ জুলাই হাজার হাজার বিক্ষোভাকারী কিউবার রাজধানী হাভানাসহ দেশটির বিভিন্ন সড়কে জড়ো হন। দেশজুড়ে চলমান অর্থনৈতিক সংকট করোনা মহামারির কারণে আরও বেড়ে যাওয়ায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির অধিকারবিষয়ক সংস্থা কিউবালেক্সের তথ্য অনুযায়ী, ৮০০–এর বেশি মানুষকে আটক করেছে সরকার। কিন্তু ওই পরিবারের লোকজন সামনে আসায় আটক ব্যক্তিদের সংখ্যা বেড়েছে। কিউবালেক্সের পরিচালক লারিতজা ডিভারসেন্ট বলেন, অনেকেই এখনো পরিবারের সদস্যদের গ্রেপ্তারের খবর দিতে ভয় পান। এখন পর্যন্ত মুক্তি পেয়েছেন ২৪৯ জন। অনেকেই গৃহবন্দী রয়েছেন। তবে গুম হওয়া ১০ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ডিভারসেন্ট বলেন, সংক্ষিপ্ত বিচারে কয়েক ডজন ব্যক্তিকে ইতিমধ্যে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সংশোধনমূলক কাজের সাজা দেওয়া হয়েছে। সরকারের উদ্দেশ্য হলো প্রতিবাদকারীদের শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করা, যাতে অন্যরা এ ধরনের কাজ থেকে বিরত থাকেন।
দেশটির সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে তথ্যও প্রকাশ করেনি সরকার। তবে ৬২ জনের বিচারের কথা স্বীকার করেছে। তাঁদের মধ্যে মাত্র ২২ জন আইনজীবী নিয়োগের সুযোগ পান। বিচারে একজন ছাড়া সবাই বিশৃঙ্খলা সৃষ্টি, গ্রেপ্তার প্রতিরোধ, ভাঙচুরসহ বিভিন্ন অপরাধের জন্য দোষী বলে বিবেচিত হয়েছে।
বিক্ষোভ অনেকটা শান্তিপূর্ণ ছিল। যদিও রাষ্ট্রীয় গণমাধ্যম কিছু বিক্ষোভকারীকে লুটপাট ও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের বিষয়টি তুলে ধরে। বিক্ষোভে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
সাজাপ্রাপ্তদের স্বজনদের মতে, বেশ কয়েকজন প্রতিবাদ করেননি, কিন্তু তাঁরা বিশৃঙ্খলার মধ্যে পড়েছিলেন।
কয়েক দশকের মধ্যে দ্বীপরাষ্ট্রটিতে এটা ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। আটক বিক্ষোভকারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে খুবই তুচ্ছ বিষয়ে অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া বিপুলসংখ্যক ব্যক্তির ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তাঁদের স্বজনেরা।