কিউবায় চে গুয়েভারার নতুন ডায়েরি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার একটি অপ্রকাশিত ডায়েরি প্রকাশিত হয়েছে। আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী চের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার কিউবার রাজধানী হাভানায় ওই ডায়েরি প্রকাশ করা হয়। কিউবায় চের তিন বছরব্যাপী গেরিলা অভিযানের বিবরণ রয়েছে ওই ডায়েরিতে। ওই অভিযানে ক্ষমতাচ্যুত হন কিউবার তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ফুলজেনসিও বাতিস্তা এবং ক্ষমতা গ্রহণ করেন চের সহযোদ্ধা ফিদেল কাস্ত্রো।চের স্ত্রী অ্যালেইদা মার্চ বলেন, সম্পাদনা ছাড়াই তিনি লেখাগুলো প্রকাশের সিদ্ধান্ত নেন। তিনি চান চে গুয়েভারা যেমন ছিলেন, পাঠকেরা তাঁকে সেভাবেই জানুক। ১৯৫৬ সালের ২ ডিসেম্বর নৌযানে করে কিউবা উপকূলে বিপ্লবীদের অবতরণ থেকে ১৯৫৯ সালের ১ জানুয়ারি জেনারেল বাতিস্তার অপসারণ পর্যন্ত বর্ণনা রয়েছে চের ডায়েরিতে। চে গুয়েভারার আগের লেখাগুলো পাঠকদের মধ্যে বেশ সাড়া জাগায়। বিপুল চাহিদার কারণে তাঁর বলিভিয়া অভিযান নিয়ে লেখা ১৯৬৮ সালে প্রকাশিত ডায়েরির বেশ কয়েকটি সংস্করণ হয়। এ ছাড়া দি মোটরসাইকেল ডায়েরিস নামে তাঁর সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণের স্মৃতিকথা প্রচুর পরিমাণে বিক্রি হয়। বন্দী অবস্থায় ১৯৬৭ সালে বলিভিয়ায় চে গুয়েভারাকে হত্যা করা হয়। বিবিসি।