কিউবায় যুক্তরাষ্ট্রের অবরোধের সমালোচনা করলেন পোপ
পোপ ষোড়শ বেনেডিক্ট কিউবার ওপর আরোপিত ৫০ বছর ধরে চলা মার্কিন বাণিজ্য অবরোধের সমালোচনা করেছেন। পোপ বলেন, কিউবার জনগণের ওপর অন্যায়ভাবে বাইরে থেকে নিয়ন্ত্রণমূলক অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে।তিন দিনের কিউবা সফর শেষে গত বুধবার হাভানা বিমানবন্দরে পোপ এসব কথা বলেন। এ সময় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো উপস্থিত ছিলেন।তবে পোপের এ বক্তব্যকে সরাসরি রাজনৈতিক প্রশ্ন উত্থাপন হিসেবে ব্যাখ্যা করতে নারাজ ভ্যাটিকানের একজন মুখপাত্র। অবশ্য কিউবা সফরের আগে পোপ উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, কমিউনিজম ‘বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়’ এবং বিশ্বাস করা হয় কিউবার জন্য নতুন অর্থনৈতিক মডেল খুঁজে বের করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। প্রায় ১৪ বছর আগে পোপ জন পল টু কিউবা সফর করেছিলেন। পলের সফরের পর কিউবার জনগণের দৈনন্দিন জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসে। তবে এবার অতি দ্রুত সে রকম কিছু ঘটবে না বলেই ভাবা হচ্ছে।পোপ বেনেডিক্ট তাঁর সফরের শেষ দিনে বুধবার হাভানার রেভ্যুলেশন স্কয়ারে এক উন্মুক্ত জনসভায় ভাষণ দেন। হাজার হাজার মানুষ তাঁকে দেখতে ও তাঁর বাণী শুনতে সেখানে হাজির হন। তাঁদের উদ্দেশে পোপ বলেন, কিউবার জনগণকে ‘প্রকৃত স্বাধীনতার’ সন্ধান করতে হবে। কিউবার নাগরিকদের বৃহত্তর অধিকার দেওয়ার আহ্বান জানিয়ে পোপ বলেন, তিনি এমন একটি কিউবান সমাজ দেখতে চান, যেখানে একজন মানুষও মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত হবে না।সফরকালে পোপ বেনেডিক্ট কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেন। ভ্যাটিকানের একজন মুখপাত্র ফেদারিকো লোমবারদি বৈঠকটি ‘প্রাণবন্ত ও আন্তরিক’ বলে উল্লেখ করেন। বৈঠকে দুজনই তাঁদের বয়স নিয়ে কৌতুক পর্যন্ত করেছেন বলে তিনি জানান।মুখপাত্রের বক্তব্য অনুযায়ী বৈঠকে তাঁরা গির্জার প্রচলিত উপাসনাপদ্ধতি এবং সব ধরনের ভবিষ্যৎ চ্যালেঞ্জ সমাধানে বিজ্ঞানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।এ ছাড়া পোপ বেনেডিক্ট প্রেসিডেন্ট রাউলের সঙ্গে বৈঠককালে গির্জার আরও বড় ভূমিকা পালন এবং গুড ফ্রাইডের দিন কিউবায় জাতীয় ছুটি ঘোষণার আহ্বান জানান। বিবিসি।