কিউবায় রাউল কাস্ত্রোর সঙ্গে জিমি কার্টারের বৈঠক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর ব্যক্তিগত আমন্ত্রণে তিনি সে দেশ সফর করছেন। গত মঙ্গলবার কিউবার রাজধানী হাভানায় রাউলের সঙ্গে একান্ত বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। গত সোমবার জিমি কার্টার (৮৬) স্ত্রী রোজালিনকে নিয়ে তিন দিনের সফরে কিউবা পৌঁছান। বিশ্লেষকেরা মনে করছেন, কিউবায় কারাবন্দী এক মার্কিন ঠিকাদারকে ছাড়িয়ে নিতে এবং সে দেশের ভিন্নমতাবলম্বীদের মধ্যে সাহস সঞ্চারের জন্য তিনি এ সফর করছেন।সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ করা অ্যালান গ্রস নামের এক ঠিকাদারকে ২০০৯ সালে কিউবা সরকার আটক করে। কিউবায় বসবাসরত ভিন্নমতাবলম্বী ইহুদিদের কাছে ল্যাপটপ কম্পিউটার ও তথ্য যোগাযোগসংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহ করায় তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী চক্রান্ত করার অভিযোগ আনা হয়। এ মামলায় তাঁর ১৫ বছরের কারাদণ্ড হয়। যুক্তরাষ্ট্র তাঁর মুক্তি দাবি করলেও কিউবা তা প্রত্যাখ্যান করে। এ নিয়ে ওয়াশিংটন-হাভানা সম্পর্কের আরও অবনতি ঘটে।প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করার পর গত মঙ্গলবার জিমি কার্টার বলেন, রাউলের সঙ্গে তাঁর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। অ্যালান গ্রসকে ছাড়িয়ে নেওয়া তাঁর সফরের উদ্দেশ্য কি না—এমন প্রশ্নের জবাবে কার্টার বলেন, এটি তাঁর মুখ্য লক্ষ্য নয়। কার্টার বলেন, ‘তাঁকে (গ্রস) এ দেশ থেকে বের করে নিয়ে যেতে আমি এখানে আসিনি। সরকারি কর্মকর্তা ও কিউবার সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে এসেছি।’ ধারণা করা হচ্ছে, অ্যালান গ্রসের মুক্তির ব্যাপারে জিমি কার্টার জোর তদবির করেছেন। এএফপি ও বিবিসি অনলাইন।