ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির ঐতিহাসিক জাতিসংঘ সফরের কিছু কিছু বিষয়ের সমালোচনা করেছেন।
খামেনি তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘আমরা সরকারের কূটনৈতিক পদক্ষেপের সমর্থন করি। ওই সফরে সরকারের কিছু কর্মকাণ্ডকে গুরুত্ব দিই। তবে প্রেসিডেন্টের নিউইয়র্ক সফরের সময় এমন কিছু ঘটনা ঘটেছে, যা ঠিক হয়নি।’ তিনি বিস্তারিত বলেননি।
ইরানের পররাষ্ট্রনীতিসহ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে ধর্মীয় নেতা খামেনির ওপর। তিনি বলেন, ‘মার্কিনদের ব্যাপারে আমরা হতাশ। আমরা তাদের ওপর কোনো রকমের আস্থা রাখতে পারি না।’
২৭ সেপ্টেম্বর টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হাসান রুহানির কথা হয়। এতে দুই দেশের ৩৪ বছরের বৈরিতা নিরসনের আশাবাদের সৃষ্টি হয়েছে। দেশ দুটির প্রেসিডেন্টদের মধ্যে এত বছরের মধ্যে এটিই প্রথম সরাসরি যোগাযোগ। রুহানি তিন থেকে ছয় মাসের মধ্যে দেশটির সঙ্গে পরমাণুবিরোধ নিরসনে মতৈক্য হতে পারে বলে আশা প্রকাশ করেছেন।
খামেনি তাঁর দেশের প্রধান আঞ্চলিক শত্রু ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য ওয়াশিংটনকে ভর্ৎসনা করেন। এএফপি।