কিছু ড্রোন হামলা যুদ্ধাপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন পাকিস্তান ও ইয়েমেন যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলার কঠোর সমালোচনা করেছে। সংগঠন দুটি বলেছে, এসব হামলায় বেআইনি হত্যাকাণ্ড ঘটেছে এবং কিছু ঘটনা যুদ্ধাপরাধের শামিল। 

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানে বেআইনি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে কিছু ঘটনা যুদ্ধাপরাধের শামিল। এর জন্য মার্কিন কর্মকর্তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সাম্প্রতিক নয়টি ড্রোন হামলার ঘটনা তদন্তের পর একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি।

এদিকে পৃথকভাবে মধ্যপ্রাচ্যের ইয়েমেনে মার্কিন ড্রোন হামলার ছয়টি ঘটনা তদন্ত করেছে আরেক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটি বলেছে, দুটি ঘটনায় নির্বিচারে বেসামরিক লোকদের হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

যুক্তরাষ্ট্র ব্যাপক সমালোচনা সত্ত্বেও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির দাবি, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা ও তালেবানের অনুসারীদের বিরুদ্ধে যুদ্ধে তাদের সবচেয়ে কার্যকরী অস্ত্র হচ্ছে ড্রোন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তারা এটি অব্যাহত রাখবে। পাকিস্তান ও ইয়েমেনসহ বেশ কয়েকটি দেশে ড্রোন ব্যবহার করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

পাকিস্তানে ড্রোন হামলায় এ পর্যন্ত বেশ কয়েকজন জ্যেষ্ঠ আল-কায়েদা ও তালেবান নেতা নিহত হয়েছেন। পাশাপাশি অনেক বেসামরিক লোকের প্রাণহানির কারণ হয়েছে এই ড্রোন। তাই এর বিরুদ্ধে পাকিস্তানে ব্যাপক ক্ষোভ রয়েছে।

গত সপ্তাহে প্রকাশিত জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, পাকিস্তানে ড্রোন হামলায় চার শতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত যা স্বীকার করেছে, তার চেয়ে এই সংখ্যা অনেক বেশি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে যে ৪৫টি মার্কিন ড্রোন হামলার খবর পাওয়া যায়, তার মধ্যে নয়টির তদন্ত করেছে তারা। এসব অভিযান পরিচালিত হয় দূরনিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে। এসব হামলা ও তার আইনগত ভিত্তির ব্যাপারে তথ্য প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

মানবাধিকার সংগঠনটি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার শিরোনাম, ‘উইল আই বি নেক্সট? ইউএস ড্রোন স্টাইকস ইন পাকিস্তান’ (আমিই কি পরবর্তী শিকার? পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার)। প্রতিবেদনটিতে ড্রোন হামলার শিকার বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, যাঁরা নিরস্ত্র ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের অক্টোবর মাসে ড্রোন হামলায় নিহত হন ৬৮ বছর বয়সী মামনা বিবি। ঘটনার সময় তিনি নাতিদের নিয়ে খেত থেকে সবজি তুলছিলেন। নিরস্ত্র ও নিরাপরাধ ব্যক্তিদের হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি বছরের শুরুতে ড্রোন হামলার ব্যাপারে স্বচ্ছতা বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করা হয়েছে অ্যামনেস্টির প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ড্রোন কার্যক্রম গোপনে চলায় যুক্তরাষ্ট্র দায়মুক্তি পেয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা ন্যায়বিচার পাচ্ছে না।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ তার প্রতিবেদনে বলেছে, তারা ইয়েমেনে মার্কিন ড্রোন হামলার যে ছয়টি ঘটনার তদন্ত করেছে, তাতে মোট ৮২ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৫৭ জনই বেসামরিক নাগরিক। ছয়টি ঘটনার মধ্যে দুটি ঘটনায় নির্বিচারে বেসামরিক লোকদের হত্যা করা হয়েছে। বিবিসি ও গার্ডিয়ান।